দাদা সাহেব ফালকে পেলেন শশী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শশী কাপুর
শশী কাপুর

এ বছর ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার ‘দাদা সাহেব ফালকে’ পাচ্ছেন ভারতীয় হিন্দি চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা শশী কাপুর। গতকাল সোমবার পুরস্কার ঘোষণার পর শশীর ছেলে অভিনেতা আশীষ কাপুর ভারতের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে তাঁর বাবার প্রতিক্রিয়া সম্পর্কে বলেন, ‘বাবার প্রথম কথা হলো, আমি পেয়েছি পুরস্কার... আমি? এরপর তিনি একটু হাসলেন।’
শশী কাপুর অভিনীত বক্স অফিসে ঝড় তোলা চলচ্চিত্রগুলোর মধ্যে আছে দিওয়ার, নিমক হালাল, সত্যম শিবম সুন্দরম। তিনি ইংরেজি সিনেমায়ও অভিনয় করেছেন। খ্যাতিমান অভিনেতা পৃথ্বিরাজ কাপুরের ছেলে শশী কাপুর। বলিউডের দুই বিখ্যাত অভিনেতা রাজকাপুর ও শাম্মি কাপুরের ছোট ভাই তিনি। বম্বে টকিজ এবং জুনুন চলচ্চিত্রের সহ-অভিনেত্রী জেনিফার ক্যান্ডেলকে বিয়ে করেছিলেন শশী। ১৯৮৪ সালে জেনিফারের মৃত্যু হয়।
শশী কাপুর তিনবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০১১ সালে তিনি পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন।
এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শশী কাপুরকে দাদা সাহেব ফালকে পুরস্কার তুলে দেওয়া হবে। এর আর্থিক মূল্য ১০ লাখ ভারতীয় রুপি। সঙ্গে থাকবে স্বর্ণকমল ও একটি শাল। গত বছর দাদা সাহেব ফালকে পুরস্কার পান পরিচালক গুলজার। এনডিটিভি।