দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন রাজকুমার রাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজকুমার রাও
রাজকুমার রাও

হিন্দি চলচ্চিত্র অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন বলিউডের তরুণ অভিনেতা রাজকুমার রাও। গত বছর মুক্তি পাওয়া ‘সিটিলাইটস’ ছবির জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে তাঁকে। দুই বছর আগে ভারতের প্রখ্যাত আইনজীবী শহিদ আজমির জীবনীভিত্তিক ছবিতে নাম ভূমিকায় অভিনয়ের স্বীকৃতি হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন মেধাবী অভিনেতা রাজকুমার।
দাদাসাহেব ফালকে পুরস্কার অর্জনের খবর নিশ্চিত করে রাজকুমার বলেন, ‘কাজের স্বীকৃতি পেলে সব সময়ই ভালো লাগে। ‘‘সিটিলাইটস’’ আমার জন্য বিশেষ একটি ছবি। এটির শুটিংয়ের সময় অনেক পরিশ্রম করতে হয়েছে। ছবিটির জন্য পুরস্কৃত হয়ে অনেক আনন্দ হচ্ছে। আমি জানতামই না, এই পুরস্কারের জন্য আমাকে বিবেচনা করা হয়েছে। পুরস্কারটি পেয়ে প্রচণ্ড অবাক হয়েছি আমি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
রাজকুমার বলিউডে যাত্রা শুরু করেন ২০১০ সালে, ‘লাভ সেক্স অউর ধোকা’ ছবির মাধ্যমে। পরবর্তী সময়ে ‘রাগিনি এমএমএস’, ‘চিটাগং’, ‘কাই পো চে’সহ একাধিক ছবিতে রাজকুমারের অভিনয় প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। গত বছর মুক্তি পাওয়া ‘কুইন’ ছবির প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করেন রাজকুমার। তাঁর অভিনীত পরবর্তী ছবি ‘হামারি আধুরি কাহানি’ মুক্তি পাবে চলতি বছরের ১২ জুন। ছবিটির অন্যান্য চরিত্রে আছেন এমরান হাশমি, বিদ্যা বালান, শ্রদ্ধা কাপুর, আদিত্য রয় কাপুর প্রমুখ। এর পরিচালক ‘আশিকি ২’ ছবির নির্মাতা মোহিত সুরি।