দাম বাড়িয়ে বিপাকে দীপিকা পাড়ুকোন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোনের হাতে এখন নতুন কোনো ছবির কাজ নেই—এই খবর পুরোনো। তিনি এ বছর বিয়ে করবেন বলে হাতে কোনো কাজ রাখছেন না বলেও শোনা যাচ্ছে। আবার দীপিকার ‘অতি চাহিদা’ও বলিউডে তাঁর অনুপস্থিতির একটি কারণ বলে ধারণা করা হচ্ছে। বলিউডের তরুণ এক নির্মাতা এই নায়িকার ব্যাপারে সম্প্রতি মন্তব্য করেছেন, ‘সব দোষ সঞ্জয় লীলা বানসালির। তিনিই দীপিকার দাম বাড়িয়ে দিয়েছেন।’

ডেকান ক্রনিকল একটি প্রতিবেদনে প্রকাশ করেছে, ‘পদ্মাবত’ ছবির পরই নাকি দীপিকা পাড়ুকোনের চাহিদা অনেক বেড়ে গেছে। এই ছবিতে তিনি তাঁর প্রেমিক ও সহশিল্পী রণবীর সিংয়ের থেকে অনেক বেশি পারিশ্রমিক পেয়েছেন। অবশ্য ছবিতে দীপিকার অভিনয়ও বেশি প্রশংসা পেয়েছে। তাই বলে নাক এত উঁচু করে ফেলতে হবে—বলিপাড়ায় এখন অনেকেই এমন মন্তব্য করছেন দীপিকা সম্পর্কে। এই ছবির পর নাকি নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন। নেবেনই-বা না কেন? সাম্প্রতিক সময়ে বলিউডের নায়িকাদের মধ্যে বিবেচনা করলে তিনিই তো সবচেয়ে সফল। টাইমসের শীর্ষ ১০০ প্রভাবশালীর তালিকায়ও আছে দীপিকার নাম।

দীপিকা নাকি এখন শীর্ষস্থানীয় পরিচালক আর প্রযোজক ছাড়া অন্য কারও ছবির কথা গুনছেনই না। আর নিজেকে তিনি ভাবছেন নায়িকাদের ইঁদুরদৌড় থেকে অনেক দূরে। সহজ কথায়, কেউ তাঁর ধারেকাছে না। তাই সামনে গল্পপ্রধান ছবি ছাড়া বলিউডের মসলাদার কোনো ছবিতে আর দেখা যাবে না দীপিকাকে; যদিও ‘ওম শান্তি ওম’-এর মতো পুরোদস্তুর বলিউড ঘরানার ছবি দিয়ে তাঁর শুরু হয়েছিল। এরপর ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো ছবি করে সেই ধারা অব্যাহত রেখেছিলেন।

তবে দীপিকার এই নীতি শুধু ঘরে নয়, বাইরেও প্রযোজ্য। হলিউডে এই নায়িকা এখন পর্যন্ত একটি ছবি করেছেন। তাই বলে সেখানে যা পাবেন, তাতেই যোগ দেবেন এমনটাও নয়। হলিউডের নির্মাতা ডিজে কারুসোর ‘ট্রিপল এক্স’ সিরিজের পরবর্তী ছবির প্রস্তাব দীপিকা ফিরিয়ে দিয়েছেন। কারণ তাঁর ধারণা, হলিউডে তাঁর শুরুটা যেমন হওয়ার কথা ছিল, তেমন হয়নি। আর হলিউড বলেই যেকোনো ছবিতে ছোটখাটো চরিত্রে কাজ করতে চান না।

দীপিকা যে শুধু তাঁর সমসাময়িক সহশিল্পীদের থেকে তিন গুণ পারিশ্রমিক হাঁকাচ্ছেন, তা-ই নয়, ছবির গল্প ও অন্যান্য সৃজনশীল বিষয়ে নাকি নিজের হস্তক্ষেপ চাইছেন। যেমনটা শাহরুখ খান, সালমান খান করে থাকেন। কিন্তু পুরুষতান্ত্রিক বলিউড নায়কদের ক্ষেত্রে বিষয়টি খুব সহজে নিলেও কোনো নায়িকাকে সেই ক্ষমতা দিতে রাজি না।

কিন্তু নিজের দাম বাড়িয়ে দিন শেষে দীপিকা খুব লাভবান হচ্ছেন বলে মনে হচ্ছে না। কারণ, এই নায়িকার মার্কেটিং টিম ইতিমধ্যে তাঁকে আলোচনায় রাখার জন্য আজগুবি ‘সংবাদ’ ফাঁদতে শুরু করেছে। কিছুদিন আগে দীপিকার ‘দেশি সুপারহিরো’ ছবিতে অভিনয় করার যে খবর রটেছিল, তা সম্পূর্ণ মিথ্যা। দীপিকার শুভাকাঙ্ক্ষীদের অনেকে আড়ালে-আবডালে বলছেন, এই নায়িকার শুভবুদ্ধির উদয় হোক। পারিশ্রমিকের চেয়ে মেধার প্রকাশ ঘটাতে পারা অনেক বড় বিষয়, দীপিকা যেন আবারও তা বুঝতে পারেন, এই তাঁদের প্রত্যাশা।

কিন্তু দীপিকা এখন ক্যারিয়ার আর এত সব নিন্দা নিয়ে মাথা ঘামাচ্ছেন বলে মনে হয় না। তাঁকে কিছুদিন আগে মায়ের সঙ্গে গয়নার দোকানে কেনাকাটা করতে দেখা গেছে। গতকাল রোববার একটি ফুলগাছের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে দীপিকা লিখেছেন ‘ঘর’। রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন নতুন ফ্ল্যাট কিনেছেন বলে যে গুঞ্জন চলছিল, সেটিতে আরও ঘি ঢেলে দিয়েছে এই ছবি।