দারিদ্র্যের কারণে...

গতকাল ‘ব্যাঞ্জো’ সিনেমার ট্রেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই ছবির অভিনেত্রী নার্গিস ফখরি। এখানে তিনি একজন ডিজে চরিত্রে অভিনয় করেছেন। বাস্তবেও নাকি গানবাজনার প্রতি আগ্রহ আছে তার। কিন্তু ছোটবেলায় ভীষণ অর্থকষ্টে দিন কেটেছে ৩৬ বছর বয়সী এই তারকার। গরিব ছিলেন বলে ইচ্ছা থাকলেও তখন গান শিখতে পারেননি।
মার্কিন এই মডেল ও অভিনেত্রীর বলিউড অভিষেক ঘটে ২০১১ সালে ‘রকস্টার’ ছবির মাধ্যমে। নার্গিস বলেন, ‘ছোটবেলায় আমি অনেক গরিব ছিলাম। আর সে সময় আমাকে গানবাজনায় উৎসাহ দেওয়ার মতো কেউ ছিল না। তবে আমার প্রথম ছবি মুক্তির পর অনেকের কাছ থেকেই আমি অনুপ্রেরণা পেতে শুরু করি। এরপর থেকে একটা অ্যাকুস্টিক গিটার বাজানো শেখার চেষ্টা করছি। আমার বাড়িতে এখন তিনটি গিটার।’
সময় পেলেই নাকি গিটারের তারে টুংটাং সুর তোলার চেষ্টা করেন নার্গিস। তাঁর মতে, কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারা খুব আনন্দের।
‘ব্যাঞ্জো’ ছবিতে নার্গিসের সহ-অভিনেতা রিতেশ দেশমুখ মিউজিশিয়ানের চরিত্রে অভিনয় করেছেন। এটি মুক্তি পাবে সেপ্টেম্বরের ২৩ তারিখে। ফিল্মফেয়ার, ইন্ডিয়ান এক্সপ্রেস।