দালাই লামার সঙ্গে সালমানের সাক্ষাৎ

সালমানের সাম্প্রতিক কাণ্ড দেখে বোঝাই যাচ্ছে যে তিনি বিশ্বশান্তিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছেন। ভারতের লাদাখের একটি আশ্রমে ১১ আগস্ট তাঁকে দেখা গেল দালাই লামার সঙ্গে। খবর বেরিয়েছে, সেখানে তাঁরা দুজন নাকি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। সেই আলোচনায় আরও ছিলেন সালমানের বান্ধবী ইউলিয়া ভাঞ্চুর। লাদাখে কবির খানের ছবি টিউবলাইট-এর শুটিংয়ের ফাঁকে দালাই লামার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সাল্লু।
সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে সালমান ও দালাই লামার বৈঠকের কিছু ছবি ছড়িয়ে গেছে। খোদ দালাই লামা তাঁর টুইটার থেকে পোস্ট করেছেন সালমানের সঙ্গে তাঁর তোলা ছবিটি। তবে সেখানে তাঁদের দুজনের সাক্ষাতের বিষয় নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এরই মধ্যে সালমান খান তাঁর টিউবলাইট ছবির লাদাখ অংশের শুটিং শেষ করেছেন। শুটিং শেষ হওয়ার কয়েক দিন আগ থেকেই তাঁকে সঙ্গ দিতে সেখানে চলে যান বান্ধবী ইউলিয়া। তাই বান্ধবীকে নিয়েই বিশ্বশান্তি প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলাপ করতে সালমান ছুটে যান দালাই লামার লাদাখের আশ্রমে। ইন্ডিয়ান এক্সপ্রেস।