দায়িত্বশীল হৃতিক

হৃতিক রোশন ও সুজান খানের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে দুই বছর হলো। তাতে কী? সম্পর্ক থাকুক তাঁর জায়গায়। দায়িত্বের বেলায় একনিষ্ঠ হৃতিক। সন্তানদের দেখা শোনার ব্যাপারে খুবই সজাগ এই ‘কৃষ’ অভিনেতা।
সে কারণেই নতুন বছরের উৎসব ‘হ্যাপি নিউ ইয়ার’ পালন করতে সুজান ও হৃতিক দুজনকেই দেখা গেল দুবাই শহরে। সেখানে সন্তানদের সঙ্গে উৎসব পালন করবেন হৃতিক। এই মাসের শুরুতেও হৃতিককে পারিবারিক নৈশভোজে তাঁর সন্তানদের সঙ্গে দেখা যায়। সঙ্গে সাবেক স্ত্রী সুজান খানও ছিলেন। সুজান খান ইনস্টাগ্রামে সে ছবি দিয়েছিলেন। সুজান ভারতীয় সংবাদপত্র হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘আমরা সন্তানদের নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা প্রত্যেকেই পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের ছেলেমেয়েরা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই এক্ষেত্রে আমাদের দূরত্বকে একপাশে সরিয়ে রাখা জরুরি।
১০ মাস আলাদা থাকার পর ২০১৪ সালে দুজনের বিয়ে বিচ্ছেদ হয়। আগামী বছরেই প্রেক্ষাগৃহে দেখা যাবে হৃতিকের নতুন ছবি ‘কাবিল’। সেখানে হৃতিকের সঙ্গে দেখা যাবে ইয়ামি গৌতমকে।
হিন্দুস্তান টাইমস