দিলজিতের সঙ্গী ইলিয়ানা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইলিয়ানা ডি’ক্রুজ ও দিলজিত দোসাঞ্জ
ইলিয়ানা ডি’ক্রুজ ও দিলজিত দোসাঞ্জ

অভিষেক ছবিতেই বাজিমাত করেন দিলজিত দোসাঞ্জ। বলিউডে তাঁর প্রথম ছবি ‘উড়তা পাঞ্জাব’। এই ছবিতে শহীদ কাপুরের মতো অভিনেতা থাকা সত্ত্বেও পার্শ্ব অভিনেতা দিলজিত সবার নজর কেড়েছিলেন। নিজের নামের মতোই সবার মন জয় করে নেন। এই সিনেমার জন্য একাধিক পুরস্কারও পান এই পাঞ্জাবি অভিনেতা। পর্দায় কারিনা-দিলজিতের রসায়নও ভীষণ প্রশংসিত হয়। কারিনার পর ‘ফিল্লৌরি’ ছবিতে আনুশকার সঙ্গে জুটি বাঁধেন তিনি। এবার আরেক বলিউড সুন্দরীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দিলজিত। পাঞ্জাবি মুন্ডার নতুন সঙ্গী হতে চলেছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ।

সাদ আলীর আগামী ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পাঞ্জাবি এই তারকা। যদিও ছবিটির নাম এখনো ঠিক হয়নি। ‘সাঁথিয়া’, ‘ওকে জানু’র মতো রোমান্টিক ছবির পর সাদ আলী সম্ভবত আর একটি প্রেমের ছবি উপহার দিতে চলেছেন। দিলজিত-ইলিয়ানার মতো তাজা জুটি নিয়ে তিনি তাঁর আগামী ছবি নির্মাণ করতে চলেছেন। আগামী সেপ্টেম্বর থেকে ছবিটির শুটিং হওয়ার কথা।

এর আগে দিলজিত ও ইলিয়ানার একই ছবিতে কাজ করার কথা ছিল।

ঐতিহাসিক ছবি ‘বাদশাহো’তে অভিনয় করার কথা ছিল দিলজিতের। মিলন লুথারিয়া পরিচালিত থ্রিলারভিত্তিক এই ছবি থেকে পরে তিনি বেরিয়ে আসেন। এ প্রসঙ্গে দিলজিত সাংবাদিকদের বলেন, ‘মিলন স্যার ভীষণ ভালো পরিচালক। কিন্তু আমার মনে হচ্ছিল, তিনি যে চরিত্রটির জন্য আমাকে প্রস্তাব দেন, সেই চরিত্রের জন্য আমি উপযুক্ত নই। আমি ওই চরিত্রের সঙ্গে নিজেকে কিছুতেই মেলাতে পারছিলাম না।’

পরে এই চরিত্রটি করেন এমরান হাসমি। ‘বাদশাহো’ ছবিতে অজয় দেবগন ও ইলিয়ানার জুটি দেখা যাবে। গত জুন মাসে এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ছবিটি মুক্তি পাবে আগামী ১ সেপ্টেম্বর।