দিলীপ কুমার ও সায়রা বানুর মানহানির মামলা

৯৬ বছর বয়সে আদালতের শরণাপন্ন হলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। এর আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে দেখা করেছেন তাঁর স্ত্রী বলিউডের আরেক বরেণ্য অভিনেত্রী সায়রা বানু। তাঁর বয়স ৭৪ বছর। তিনি দেখা করতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে, তাঁর দপ্তরে যোগাযোগও করেছেন। এরপর সায়রা বানু যান মুম্বাই পুলিশের কাছে। সমীর ভোজওয়ানি নামের আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেন। মুম্বাইয়ে বান্দ্রার পালি হিলে দিলীপ কুমার যে বাড়িতে আছেন, সেটি দখলের জন্য চেষ্টা করছেন এই ব্যক্তি। এবার সমীর ভোজওয়ানির বিরুদ্ধে ২০০ কোটি রুপির মানহানির মামলা করেছেন দিলীপ কুমার ও সায়রা বানু।
জানা গেছে, গত ৩১ ডিসেম্বর সমীর ভোজওয়ানির কাছে আদালত থেকে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে। পাশাপাশি দিলীপ কুমার ও সায়রা বানুকে অসম্মান এবং তাঁদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য তাঁর কাছে ক্ষতিপূরণ বাবদ ২০০ কোটি রুপি চাওয়া হয়েছে। আর তা টুইটারের মাধ্যমে সবাইকে জানিয়েছেন সায়রা বানু।

সমীর ভোজওয়ানির বিরুদ্ধে অভিযোগ, তিনি কিছু জাল কাগজ তৈরি করেছেন। এগুলো দিয়ে তিনি প্রমাণ করতে চান, দিলীপ কুমার মোটেও এই জায়গার মালিক নন, তিনি ভাড়াটে। জোর করে এই জায়গা দখলে রেখেছেন। এদিকে যাদের কাছ থেকে দিলীপ কুমার এই জায়গা নিয়েছে, সেই শেঠ মুলরাজ খাটাউ ট্রাস্ট আইনজীবী আলতমাস শেখের মাধ্যমে গত ৩০ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘দিলীপ কুমার ওই প্লটের ভাড়াটে নন, ৯৯৯ বছরের দীর্ঘস্থায়ী লিজ রয়েছে তাঁর। দিলীপ কুমারের নেওয়া লিজ সম্পূর্ণ বৈধ।’ এর ফলে সমীর ভোজওয়ানি এত দিন যে চেষ্টা করেছেন, তাতে বড় বাধা তৈরি হলো।
মুম্বাইয়ে বান্দ্রার পালি হিলে দিলীপ কুমারের ১ হাজার ৬০০ বর্গমিটারের বাংলোর আনুমানিক মূল্য প্রায় ২৫০ কোটি রুপি। দুটি প্লটের ওপর তৈরি হয়েছে বাংলোটি। ১৯৫৩ সালে দেড় লাখ রুপি দিয়ে শেঠ মুলরাজ খাটাউ ট্রাস্টের কাছ থেকে পালি হিলের ওই জমি লিজ নেন দিলীপ কুমার ও সায়রা বানু। এই জায়গা আর বাড়ি নিয়ে এর আগেও মামলা হয়েছিল। তখন সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয় দিলীপ কুমার ও সায়রা বানুকে। অবশেষে ২০ কোটি রুপির বিনিময়ে জায়গা ও বাড়ি ফিরে পান তাঁরা। এরপর এই বাড়ির দিকে চোখ পড়ে সমীর ভোজওয়ানির।

অনেক বছর ধরে দিলীপ কুমার আর তাঁর পরিবার মুম্বাইয়ে বান্দ্রার পালি হিলে এই বাড়িতেই আছে। জমির সব কাগজ, বাড়ি নির্মাণের অনুমতি, মিউনিসিপ্যালটি করপোরেশনের সব কাগজ দিলীপ কুমারের নামেই। সায়রা বানুর অভিযোগ, তারপরও অনেক দিন থেকেই দিলীপ কুমারের বাড়িটি দখলের চেষ্টা করছেন সমীর ভোজওয়ানি। দিলীপ কুমার আর তাঁর পরিবারকে এই বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দিচ্ছেন।
মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন বিভাগ (ইওডব্লিউ) থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে তদন্ত শুরু হয়ে গেছে। পুলিশ ধারণা করছে, সমীর ভোজওয়ানি হয়তো জাল দলিল বানিয়ে বাংলোটি দখলের চেষ্টা করছেন।

এদিকে সমীর ভোজওয়ানির বিরুদ্ধে মুম্বাইর খার পুলিশ স্টেশনে দিব্যকান্ত রঞ্জিত খাটাউ নামের এক ব্যক্তি বছরের গোড়ার দিকে একটি প্রতারণা ও জালিয়াতির অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন, সমীর ভোজওয়ানি আকসা বিচের শেঠ গুলরাজ খাটাউ ট্রাস্টের ৩০০ কোটির সম্পত্তি নকল পাওয়ার অব অ্যাটর্নির কাগজ দেখিয়ে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তখন সমীর ভোজওয়ানির বান্দ্রার বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার করে পুলিশ। গত বছর এপ্রিলে ইওডব্লিউ গ্রেপ্তার করে তাঁকে। সম্প্রতি কারাগার থেকে তিনি জামিনে ছাড়া পেয়েছেন।
দিলীপ কুমারের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন। সম্প্রতি হাসপাতাল থেকে ঘুরে এসেছেন। সমীর ভোজওয়ানির বাড়ির দখলের চেষ্টা আর তাঁর কাছ থেকে হুমকি পাওয়ার পর এখন আতঙ্কে আছে দিলীপ কুমারের পরিবার। রীতিমতো বিপন্ন বোধ করছেন পরিবারের সবাই।