দিলীপ কুমার কাঁদছেন!

দিলীপ কুমার কাঁদছেন! কেন? তাঁর শরীর খারাপ? পুরোনো কোনো ঘটনা মনে পড়ছে? নাকি প্রিয়জনকে? না, এর কোনোটিই ঠিক নয়। দিলীপ কুমার এখন অনেকটাই সুস্থ। মুম্বাইয়ে নিজের বাসায় আছেন। তাহলে উপমহাদেশের এই বরেণ্য অভিনেতা কেন কাঁদছেন?
দিলীপ কুমারের মাইক্রোব্লগিং সাইট টুইটার পরিচালনা করেন তাঁর পারিবারিক বন্ধু এবং মাউথশাট ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল ফারুকি। তিনি জানান, দিলীপ কুমার তাঁর মাইক্রোব্লগিং সাইট টুইটারে নিয়মিত সময় দেন। টুইটারের মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন। ভক্তরা দিলীপ কুমারকে নানা বার্তা পাঠান। মাঝে মাঝে তা দিলীপ কুমারকে পড়ে শোনান ফয়সাল ফারুকি। দিলীপ কুমার নিজেও পড়েন। সম্প্রতি হাসপাতাল থেকে ফেরার পর দিলীপ কুমার ভক্তদের পাঠানো ১০০টি বার্তা পড়েছেন। এ সময় তিনি হেসেছেন আবার কখনো কখনো তাঁর চোখ ভিজে যায়। দেখে মনে হয়েছে তিনি কাঁদছেন।
সংবাদমাধ্যমকে ফয়সাল ফারুকি বলেন, ‘আমি সাহেবের পাশে বসে তাঁর ভক্তদের পাঠানো অনেক মজার মজার বার্তা পড়েছি।’
ফয়সাল ফারুকি আরও জানান, দিলীপ কুমারের বয়স এখন ৯৪। গত কয়েক দিনের তুলনায় তিনি এখন অনেকটাই সুস্থ। তাঁর স্ত্রী অভিনেত্রী সায়রা বানু নিয়মিত তাঁর দেখাশোনা করছেন। টুইটারে প্রতিদিন দিলীপ কুমারের স্বাস্থ্যের সর্বশেষ খবর জানানো হয়। আইএএনএস।