দিলীপ কুমার নিউমোনিয়ায় আক্রান্ত

আবারও মুম্বাইর লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে দিলীপ কুমারকে। বাসায় হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল রোববার রাতে ভারতের চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতাকে হাসপাতালে নিয়ে আসা হয়। আজ সোমবার দুপুরে হাসপাতাল থেকে জানানো হয়েছে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। নিউমোনিয়ার পাশাপাশি তাঁর বুকে ব্যথা আছে। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর শারীরিক অবস্থার তেমন অবনতি হয়নি। হাসপাতালে তাঁর পাশে আছেন স্ত্রী বরেণ্য অভিনেত্রী সায়রা বানু।
আজ এই অভিনেতার টুইটার থেকে জানানো হয়, ‘নিউমোনিয়ায় আক্রান্ত দিলীপ কুমার। গত রাতে প্রবীণ নায়ককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
কয়েক দিন আগেও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। তখন সায়রা বানু জানিয়েছিলেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দিলীপ কুমার। এরপর হাসপাতাল থেকে বাসায় ফিরে যান তিনি।
গত বছরের নভেম্বরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ কুমার। কিন্তু কিছুক্ষণ পরই চিকিৎসকেরা তাঁকে ছেড়ে দেন। তখন চিকিৎসকেরা তাঁকে বাসায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। দিলীপ কুমারের বয়স ৯৫ বছর।