দিলীপ কুমার ফের হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিলীপ কুমার-সায়রা বানু
দিলীপ কুমার-সায়রা বানু

গতকাল রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। তাঁর একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, প্রচণ্ড জ্বর ও পা ফোলার কারণে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর এখন কিছুটা সেরে উঠেছেন এই তিনি।

আজ সকালে দিলীপ কুমারের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে তাঁর স্ত্রী সায়রা বানু লিখেছেন, ‘দিলীপ কুমার এখন ভালো আছেন। কিছু শারীরিক সমস্যা ও নিয়মিত সেবার অংশ হিসেবেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’
ভিন্ন একটি টুইটে দিলীপ কুমার লিখেন, ‘স্বাস্থ্যই আসল সম্পদ। আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ, কারণ আপনারা সব সময় আমাকে নিজেদের প্রার্থনার সময় মনে রেখেছেন।’
এ বছরের এপ্রিলেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ কুমার। তখন নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
১১ ডিসেম্বর ৯৪ বছর পূর্ণ করবেন এই অভিনেতা। তাঁর স্ত্রী সায়রা বানু ও চিকিৎসকেরা আশা করছেন, এর আগেই বাড়ি ফিরে যেতে পারবেন দিলীপ। এ বছরের অক্টোবরে বিয়ের ৫০ বছর পূর্ণ করেছেন দিলীপ-সায়রা জুটি।
২০১৫ সালে পদ্মবিভূষণ ও ২০০১ সালে পদ্মভূষণ পেয়েছেন দিলীপ কুমার। আর হিন্দি সিনেমায় অসাধারণ অবদানের জন্য ১৯৯৪ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান এই অভিনেতা। হিন্দুস্থান টাইমস।