দীপবীরের মুম্বাই পর্ব

সংবর্ধনা ফুরোচ্ছেই না। একের পর এক সংবর্ধনা অনুষ্ঠান করছেন নবদম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বেঙ্গালুরুর সংবর্ধনার পর গতকাল বুধবার রাতে মুম্বাইতে হয়ে গেল তাঁদের গণমাধ্যম সংবর্ধনা। যথারীতি এখানেও আনুষ্ঠানিকভাবে সবার শুভকামনা ও ভালোবাসা কুড়িয়েছেন বলিউডের এই জুটি। এটি ছিল তাঁদের মুম্বাই সংবর্ধনার দ্বিতীয় পর্ব। এর আগে গত শনিবার মুম্বাইয়ের প্রথম সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন দুই তারকার পরিবার ও আত্মীয়রা।
গতকাল বুধবার মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে রাত আটটার পর থেকে আসতে শুরু করেন অতিথিরা। এ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন দীপিকার বাবা-মা উজালা ও প্রকাশ পাড়ুকোন। আর এখানে গণমাধ্যম ছাড়াও উপস্থিত হয়েছিলেন বেশ কয়েকজন খেলোয়াড় এবং নিকটাত্মীয়। তাঁদের বিয়ের ঠিক পরে এই একই হোটেলে তাঁদের প্রথম সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন রণবীরের বোন ঋতিকা ভাবনানি।
সংবর্ধনার এখানেই শেষ নয়। মুম্বাইয়ের আরও একটি পর্ব এখনো বাকি। আগামী ১ ডিসেম্বর তাঁদের তৃতীয় সংবর্ধনা অনুষ্ঠানটিও হবে গ্র্যান্ড হায়াত হোটেলে। সেখানে উপস্থিত থাকবেন নবদম্পতির চলচ্চিত্র পরিবারের স্বজনেরা। শোনা গেছে, দীপিকার সাবেক প্রেমিক রণবীর কাপুরের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফও আসবেন এই অনুষ্ঠানে।
১৪ নভেম্বর ইতালির লেক কোমোর ভিল দ্য বালবিয়ানেলে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ে অনুষ্ঠিত হয় কনকানি রীতিতে। পরদিন সিন্ধি রীতিতেও বিয়ে করেন বলিউডের এই জনপ্রিয় তারকা জুটি। ১৩ নভেম্বর ছিল তাঁদের মেহেদি অনুষ্ঠান এবং ওই রাতেই হয় আংটিবদল। এরপর ১৮ নভেম্বর সকালে ইতালির মিলান থেকে মুম্বাইতে ফিরে আসেন নবদম্পতি। গত মঙ্গলবার সকালে বর রণবীর সিংকে নিয়ে বেঙ্গালুরু যান দীপিকা পাড়ুকোন। সেখানে গত বুধবার সন্ধ্যায় দ্য লীলা প্যালেসে দীপিকার পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয় একটি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। হিন্দুস্তান টাইমস