দীপিকা বনাম টাইমস অব ইন্ডিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটে প্রকাশিত এক ছবি নিয়েই সূত্রপাত এ বিতর্কের—দীপিকা পাড়ুকোন বনাম টাইস অব ইন্ডিয়া। পত্রিকাটির টুইটারে তারা একটি সংবাদের লিংক দেয়, তাতে শিরোনাম ছিল ‘ওএমজি, দীপিকা পাড়ুকোন’স ক্লিভেজ শো’। লিংকটি তারা নিজেদের ওয়েবসাইটের বিনোদন অংশেও প্রকাশ করে। ১৪ সেপ্টেম্বর দীপিকা নিজের টুইটারে লিংকটি শেয়ার করে লেখেন “এই হলো ‘প্রধান’ সংবাদপত্র এবং এই হলো তাদের সংবাদ!!??” একই দিনে তিনি আরও একটি টুইট করেন, ‘হ্যাঁ! আমি নারী। আই হ্যাভ ব্রেস্টস অ্যান্ড এ ক্লিভেজ! ইউ গট এ প্রবলেম!?’
এরপরই শুরু হয় তর্ক-বিতর্ক। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ও গণমাধ্যমে ঝড় ওঠে এ নিয়ে। ভারতের খ্যাতনামা সাংবাদিক বরখা দত্তকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘নারী হিসেবে আমার অধিকার লঙ্ঘন করা হয়েছে বলে মনে করছি।’ নিজের ফেসবুক পেজেও এ নিয়ে এক বক্তব্য প্রকাশ করেন তিনি। পর্দায় তাঁর অভিনীত চরিত্র নিয়ে যত খুশি সমালোচনা হোক, বাস্তবজীবনে তাঁকে নিয়ে এমন সংবাদ করাতেই তাঁর আপত্তি। তাঁর যে ছবিটি প্রকাশ করা হয়েছে সেটি কোনো চলচ্চিত্রের নয়, বরং একটি প্রচারণা অনুষ্ঠান থেকে তোলা। ‘পর্দার বাইরেও আমাকে নারী হিসেবে সম্মান দেওয়া হোক, শুধু এটুকুই চাইছি আমি।’ লেখেন তিনি। এ নিয়ে আর বিতর্ক তৈরি করার আর কোনো ইচ্ছা তাঁর নেই, এমন কথাও লেখেন। প্রিয়াঙ্কা চোপড়া, শাহরুখ খান, অর্জুন রামপাল প্রমুখ তারকাও তাঁকে সমর্থন জানান। এরপর টুইটার ও ওয়েবসাইট থেকে সংবাদটি সরিয়ে নেয় টাইমস অব ইন্ডিয়া।
এ ঘটনা নতুন মোড় নেয় টাইমস অব ইন্ডিয়া তাদের বক্তব্য প্রকাশ করার পর। ১৫ সেপ্টেম্বর তাদের ওয়েবসাইটে দীপিকার প্রতি এক খোলা চিঠি প্রকাশ করে তারা। তাতে সরাসরি কপটতার অভিযোগ তোলা হয় তাঁর প্রতি। এক বছর ধরে এই ভিডিওটি তাদের ওয়েবসাইটে আছে, এত দিন কোনো কথা হয়নি। দীপিকার নতুন চলচ্চিত্র ফাইন্ডিং ফ্যানি মুক্তি পাওয়ার ঠিক দুদিন পরই কেন এ নিয়ে প্রতিবাদ করলেন তিনি? এ প্রশ্নও তোলে তারা। প্রিন্ট, অনলাইন, টেলিভিশন ইত্যাদি সব ভিন্ন ধরনের মাধ্যম, কাজেই এগুলোর সংবাদের ধরনও ভিন্ন হতে পারে বলে যুক্তি দেয় তারা। দীপিকা এ নিয়ে কথা বলবেন না বলেও প্রায় সব গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন, সব টুইটই রিটুইট করছেন এ কথাও বলা হয়।
আন্তর্জাতিক গণমাধ্যমেও ঘটনাটি মনোযোগ পায়। গার্ডিয়ান, ইনডিপেনডেন্ট, বিবিসি ইন্ডিয়া এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, গার্ডিয়ান, ইনডিপেনডেন্ট, বিবিসি ইন্ডিয়া ও দ্য নিউজ মিনিট

আরও পড়ুন: