দীপিকা ভাবেনইনি

বড় হলে তুমি কী হতে চাও? ছোট্ট দীপিকা পাড়ুকোন হয়তো বলতেন, প্রজাপতি! কিংবা আরেকটু বড় হলে ব্যাডমিন্টন খেলোয়াড়। বয়সের সঙ্গে সঙ্গে চাওয়াটা বদলে যায়। তবে দীপিকা কখনোই ভাবেননি, তিনি যা কিছুই করুন না কেন, এত বিখ্যাত হবেন! তবে একের পর এক ছবি দিয়ে বলিউডে নায়িকাদের মধ্যে ১ নম্বর আসনটি ধরে রাখা দীপিকা এও জানেন, এই খ্যাতি চিরদিনের নয়।
তবে কি খ্যাতিহীন জীবনের ভয়ে তিনি আচ্ছন্ন? দীপিকার উত্তর, ‘না না, একদমই নয়। আমি তো জানিই সারা জীবন এই তারকাখ্যাতি থাকবে না। নিজের কাজ সম্পর্কে আমি নিরাপদ বোধ করছি। সত্যি বলতে কি, জীবনে কখনো তারকা হব, সেটাই ভাবিনি। বাস্তবতা বিবেচনা করলে একটা অবাস্তব ব্যাপার!’
নতুন ছবি ফাইন্ডিং ফ্যানির জন্য সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছেন। কী রহস্য এই সাফল্য ধরে রাখার? দীপিকার উত্তর, অন্তহীন ক্ষুধা। ‘আমি খুব কম নিজের প্রশংসা করি। আত্মসমালোচনা করা ভালো। এটা আপনাকে আরও ভালো হতেই সাহায্য করে।’ টিএনএন।