দীপিকা-রণবীরের বাগদান?

রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর দীপিকা পাড়ুকোন যে আরেক রণবীরের প্রেমে পড়েছেন, বলিউডে এটা ‘ওপেন সিক্রেট’। যদিও রণবীর সিং এ ব্যাপারে সব সময় খোলাখুলি কথা বলেছেন, কিন্তু দীপিকা কখনোই এ সম্পর্কের কথা স্বীকার করেননি। বলতেন, ‘রণবীর আমার বিশেষ বন্ধু!’ কেমন যেন একটা ঢাক ঢাক গুড় গুড় ভাব।
সেই লুকোচুরির দিন বুঝি এবার ফুরোচ্ছে। পাপারাজ্জিদেরও হয়তো এখন আর রণবীর-দীপিকার পেছন পেছন দেশ-বিদেশ ঘুরতে হবে না। কেননা, এবার শোনা যাচ্ছে, গোপনে বাগদান সেরে ফেলেছেন এই জুটি!
কয়েক মাস আগে রণবীর ও দীপিকার বাবা-মায়েরা নাকি দেখা করেছিলেন। সেই বৈঠকে প্রধান আলোচ্য বিষয় ছিল নাকি তাঁদের বিয়ে! আর সেদিনই নাকি বাগদান করে ফেলেছেন তাঁরা।
যদিও এর আগে দীপিকা বলেছিলেন, বিয়ে করতে আরও অন্তত দু বছর দেরি আছে। এই বাগদানের পর সে কথাই ঠিক থাকবে কি না, ঠিক বলা যাচ্ছে না। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে।