দীপিকা-সোনমের ধন্যবাদ ও পাল্টা ধন্যবাদ

দীপিকা পাডুকোণ এবং সোনম কাপুর— মাঝে কিছুদিন এ দুই বলিউডের অভিনেত্রীর মধ্যে মন কষাকষি ছিল; এড়িয়ে চলতেন একে অপরকে। ঘটনার শুরু হয়েছিল এক টিভি রিয়েলিটি শোতে। অবশ্য, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে— মেঘ কেটে গেছে। আবারও ‘বন্ধু’ হয়েছেন দুজনে। সম্প্রতি ‘বাজিরাও মাস্তানি’ ছবির প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন সোনম। শুধু তাই নয়, টুইটারে পরস্পরের মধ্যে বার্তা ও ধন্যবাদেরও আদান প্রদান হয়েছে।
‘বাজিরাও মাস্তানি’ ছবির অনুষ্ঠানে হাজির হওয়ার পর খুদে ব্লগসাইট টুইটারে ‘বাজিরাও মাস্তানি’ ছবির প্রশংসায় টুইট করেন সোনম।
টুইটে সোনম লিখেছেন, ‘বাজিরাও মাস্তানি’ অসাধারণ। রণবীর সিং এর পাশাপাশি দীপিকার নাম উল্লেখ করে এ অভিনেত্রী লেখেন, তোমাদের কঠোর পরিশ্রম আর অসাধারণ অভিনয় এ ছবিতে দারুণ ফুটে উঠেছে।
এদিকে, সোনমের এই টুইটের বিপরীতে চমৎকার এক পাল্টা এক টুইট বার্তা পাঠান দীপিকা পাডুকোণ।
দীপিকা তাঁর টুইটে লেখেন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ সোনম!!!
সোনমকে ধন্যবাদ জানানোর পাশাপাশি দীপিকা আরও লেখেন, ‘নীরজার জন্য শুভকামনা! ট্রেলার পছন্দ হয়েছে!!!’
বিনয়ে সোনম কাপুরও কম যান না। দীপিকার এই ধন্যবাদ টুইটের পর তিনি আবারও ধন্যবাদ জানিয়েছেন দীপিকাকে।
বলিউডে এ যেন নিত্যকার ঘটনা। সালমান খান আর শাহরুখ খানের মধ্যেও এমন যুযুধান সম্পর্ক ছিল। অবশ্য এই দুই খানের মধ্যে এখন বন্ধুত্বের উষ্ণ আবেগ। প্রায় তিন দশক মুখ দেখাদেখি বন্ধ ছিল বলিউডের অভিনেত্রী শ্রীদেবী ও জয়াপ্রদার। তাঁদের এই শীতল সম্পর্কের ইতি ঘটিয়ে জয়াপ্রদার এক আত্মীয়ের বিয়েতে কিছুদিন আগে উপস্থিত হয়েছিলেন শ্রীদেবী। টাইমস অব ইন্ডিয়া।