দীপিকা-হৃতিকের 'অ্যাকশন'

মাস খানেক আগেই খবর বেরিয়েছে, যশরাজ ফিল্মসের নতুন ছবিতে নায়কের ভূমিকায় আছেন হৃতিক রোশন। ধুম থ্রির পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য থাকবেন ক্যামেরার পেছনের মূল ভূমিকায়। প্রযোজনা সংস্থা আর পরিচালকের নামই আভাস দিচ্ছিল, নায়িকা চরিত্রেও নিশ্চয়ই কোনো চমক অপেক্ষা করছে। সম্প্রতি এই চমক ফাঁস হলো। ধুন্ধুমার অ্যাকশনধর্মী ছবিটিতে হৃতিককে সঙ্গ দেবেন দীপিকা পাড়ুকোন। হৃতিক-দীপিকার জুটি বেঁধে কাজ করার খবর আগেও পাওয়া গেছে। তবে সেসব শেষ পর্যন্ত ‘ঘটনা’ নয়, ‘রটনা’ হিসেবেই স্বীকৃতি পেয়েছে। সবকিছু ঠিক থাকলে এবার আর গুজব নয়, একসঙ্গে দেখা যাবে ব্যাং ব্যাং আর পিকু তারকাকে।
একটি সূত্র জানিয়েছে, হৃতিকের বিপরীতে অভিনয় করা নিয়ে ভীষণ রোমাঞ্চিত দীপিকা। ছবিতে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ স্টান্ট দৃশ্যেও অংশ নেওয়ার কথা তাঁর। এর আগে চাঁদনীচক টু চায়না ছবিতে মারকুটে নায়িকা হিসেবে পাওয়া গেছে দীপিকাকে।