দীপিকাকে খোঁচাননি সোনম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনম-দীপিকা
সোনম-দীপিকা

বলিউডের দুই তারকা অভিনেত্রী সোনম কাপুর ও দীপিকা পাড়ুকোনের মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছে অনেক দিন ধরেই। এ জন্য একাধিকবার খবরের শিরোনামও হয়েছেন তাঁরা। সর্বশেষ খবর চাউর হয়, দীপিকাকে পরোক্ষভাবে নিচু মানসিকতার বলে মন্তব্য করেছেন সোনম। তবে সম্প্রতি নিজের পক্ষে সাফাই গেয়ে সোনম দাবি করেছেন, দীপিকাকে উদ্দেশ করে তিনি কোনো মন্তব্য করেননি। শুধু তা-ই নয়, তিনি দীপিকাকে শ্রদ্ধা করেন বলেও জানিয়েছেন। 
চলতি জানুয়ারি মাসের শুরুর দিকে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতে কাজ করার জন্য নিজের পরিকল্পনার কথা জানিয়ে টুইট করেন দীপিকা পাড়ুকোন। এর পরপরই এক সাক্ষাৎকারে সোনম কাপুর বলেন, তিনি কখনোই সমাজসেবামূলক কাজ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানাতে ঢাকঢোল পেটাবেন না। কারণ বিষয়টি খুবই নিচু মানসিকতার পরিচয় বহন করে।

সোনম এমন মন্তব্য করার সময় নির্দিষ্ট কারও নাম উল্লেখ না করলেও খবর চাউর হয়, দীপিকাকে খোঁচানোর জন্যই তিনি এমনটি বলেছেন। এত দিন চুপ থাকলেও সম্প্রতি সোনম দাবি করেন, ‘আমি আমার মন্তব্যে কোথাও দীপিকার নাম উল্লেখ করিনি। কিন্তু বরাবরের মতো আবারও আমার কথা ভুলভাবে তুলে ধরা হয়েছে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

সোনম আরও বলেন, ‘আমি বোঝাতে চেয়েছিলাম, সমাজসেবামূলক কাজের জন্য একটি পাবলিক প্ল্যাটফর্ম দরকার হয়। কিন্তু ব্যক্তিগত লাভের জন্য কখনোই তা ব্যবহার করা উচিত নয়। মন্তব্যটি করার সময় আমি জানতামও না দীপিকা সমাজসেবামূলক কোনো কাজের সঙ্গে জড়িত কি না। আমি তাঁকে শ্রদ্ধা করি। তিনি বরাবরই উদার মানসিকতার পরিচয় দিয়েছেন।’