দীপিকার আফসোস

এই জীবনে প্রস্তাব নিশ্চয়ই কম পাননি। প্রেম ও ছবি—দুটোরই। কতজনকে দুয়ার থেকে ফিরিয়েছেন কে জানে। প্রেমের আহ্বানে প্রত্যাখ্যান নিয়ে মনে আফসোস থাকুক আর না থাকুক, কয়েকটি ছবির প্রস্তাব ফিরিয়ে দেওয়া নিয়ে এখন অনুশোচনায় ভুগছেন দীপিকা পাড়ুকোন।
এই তালিকায় সবার ওপরে আছে রকস্টার। রণবীরের বিপরীতে নার্গিস ফখরির বদলে প্রথমে তাঁকেই প্রস্তাব দিয়েছিলেন পরিচালক ইমতিয়াজ আলী। দীপিকার আফসোসের তালিকায় এরপরেই আছে শুদ্ধি। এই ছবিতে কারিনা কাপুরের আগে তাঁকেই প্রস্তাব করা হয়েছিল। কিন্তু একই সময় বাজিরাও মাস্তানির শুটিং পড়ে যাওয়ায় ছবিটা করতে পারলেন না।
শাহরুখ খানের যব তক হ্যায় জান ছবিতেও ক্যাটরিনার বদলে দীপিকার অভিনয় করার কথা ছিল। যশ চোপড়ার শেষ ছবিতে কাজ করতে না পারার আক্ষেপে দীপিকা আজীবনই পুড়বেন। দীপিকার ফিরিয়ে দেওয়া ছবির মধ্যে আছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন আর ধুম থ্রিও! টিওআই।