দীপিকার খোলা চিঠির জবাব দিল টাইমস অব ইন্ডিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

ভারতের প্রভাবশালী মিডিয়া টাইমস অব ইন্ডিয়ায় ‘রাম-লীলা’ তারকা দীপিকা পাড়ুকোনের আপত্তিকর ছবি এবং ‘ওএমজি: দীপিকা পাড়ুকোন’স ক্লিভেজ শো’ শিরোনামের খবর প্রকাশের পর ব্যাপক চটে যান দীপিকা। প্রথমে টুইটারে ক্ষোভ প্রকাশ করে কড়া মন্তব্য ছাড়েন জনপ্রিয় এ তারকা অভিনেত্রী। পরে দীপিকা তাঁর ফেসবুক পাতায় সব মিডিয়াকে উদ্দেশ করে ‘মাই পয়েন্ট অব ভিউ’ শিরোনামের একটি খোলা চিঠিতে কড়া মন্তব্য করেন। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি ‘ডিয়ার দীপিকা, আওয়ার পয়েন্ট অব ভিউ’ শিরোনামে একটি লেখা প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। 

কিছুদিন আগে টাইমস অব ইন্ডিয়ায় দীপিকার আপত্তিকর ছবি ও কুরুচিকর শিরোনামের খবর প্রকাশিত হওয়ায় খেপে যান দীপিকা। ‘দীপিকার শরীর প্রদর্শনের’ একটি ছবি প্রকাশ করে খবরের শিরোনাম দেওয়া হয় ‘ওএমজি: দীপিকা পাড়ুকোন’স ক্লিভেজ শো’। এ ছাড়া দাবি করা হয়, সস্তা প্রচারণার জন্য জনসমক্ষে প্রায়ই শরীর প্রদর্শন করেন দীপিকা। এর পরিপ্রেক্ষিতে টুইটারে কয়েকটি টুইট করে ক্ষোভ প্রকাশ করেন দীপিকা। এক টুইটে তিনি বলেন, ‘ইয়েস, আই অ্যাম এ ওম্যান...আই অ্যাভ ক্লিভেজ! ইউ গট অ্যা প্রব্লেম!!??’ আরেকটি টুইটে দীপিকা বলেন, ‘নারীকে সম্মান করতে না জানলে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা না বলাই ভালো।’ 

দীপিকার টুইটের পর অনেকেই দীপিকাকে সমর্থনে এগিয়ে আসেন। তাঁর টুইট রিটুইটও হয় অনেক। দীপিকাকে শান্ত করতে অবশ্য টাইমস অব ইন্ডিয়ার পক্ষ থেকে ‘আত্মরক্ষামূলক’ টুইট করে বলা হয়, ‘দীপিকার উচিত এটাকে প্রশংসা হিসেবে নেওয়া।’ এরপর গত শুক্রবার দীপিকা তাঁর ফেসবুক পাতায় ‘মাই পয়েন্ট অব ভিউ’ শিরোনামে একটি খোলা চিঠি লেখেন। সেখানে বিভিন্ন প্রসঙ্গ টেনে কড়া সব মন্তব্য করেন দীপিকা। তিনি বলেন, চরিত্রের প্রয়োজনে পর্দায় পোশাক পরা আর বাস্তব জীবনে পোশাক পরা এক বিষয় নয়। কোনো নারী তারকা ইচ্ছে করে পোশাক বিভ্রাটের কবলে পড়েন না, দুর্ঘটনাবশত তা ঘটে যায়। খবর বিক্রির জন্য আজেবাজে শিরোনামে খবর প্রকাশের কোনো মানে হয় না। নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি পালটানোর জন্য আহ্বান জানান দীপিকা। একে অন্যকে ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধার চোখে দেখতে বলেন তিনি।
দীপিকার ‘মাই পয়েন্ট অব ভিউ’ খোলা চিঠির জবাবে ‘ডিয়ার দীপিকা, আওয়ার পয়েন্ট অব ভিউ’ শিরোনামে যে লেখাটি টাইমস অব ইন্ডিয়া প্রকাশ করেছে; সেখানে বলা হয়েছে, ‘দীপিকা, আমরা আপনার পর্দার পোশাক এবং বাস্তব জীবনের পোশাক পরার মন্তব্যকে মেনে নিচ্ছি। কিন্তু পর্দার বাইরেও মঞ্চ পরিবেশনা, ম্যাগাজিন প্রচ্ছদের ফটোশুট কিংবা ছবির প্রচারণায় ফটোশুটের সময় আপনি শরীর প্রদর্শন করেছেন। সেসব ছবিসহ অনেক মিডিয়ায় সংবাদও প্রকাশিত হয়েছে। তখন তো আপনি কিছু বলেননি। তবে এখন কেন এই ভণ্ডামি? হ্যাঁ, আমাদের খবরের শিরোনামটি আরও ভালো হতে পারত। কিন্তু খবরের কাগজ এবং অনলাইন সংবাদমাধ্যমের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। অনলাইনে চাঞ্চল্যকর খবরের শিরোনাম ব্যবহার করা বিরল কোনো ঘটনা নয়।’
‘ডিয়ার দীপিকা, আওয়ার পয়েন্ট অব ভিউ’ লেখায় আরও বলা হয়েছে, ‘দীপিকা জনসমক্ষে তুলেছেন এমন কোনো ছবি আমরা প্রকাশ করতে পারব কি পারব না, তার জন্য কি আমাদের তাঁর কাছে অনুমতি নিতে হবে? তারকারা পর্দার বাইরে যেসব ছবি তোলেন তা প্রকাশের জন্য কি তাহলে বিকল্প কোনো সেন্সর বোর্ড লাগবে? এমন নয় তো যে জনসমক্ষে তোলা দীপিকার ছবি লুকিয়ে কিংবা তাঁর অজ্ঞাতসারে তোলা হয়েছে।’