দীপিকার চোখে সবচেয়ে বড় 'তামাশা' কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর সিং-দীপিকা পাডুকোণ
রণবীর সিং-দীপিকা পাডুকোণ

বলিউডে এখন দুই রণবীর। এবজন রণবীর কাপুর অন্যজন রণবীর সিং। কান টানলে যেমন মাথা আসে তেমনি রণবীর বললেই যেন চলে আসে বলিউডের অভিনেত্রী দীপিকা পাডুকোণের নাম। কখনো রণবীর কাপুর তো কখনো রণবীর সিং। অবস্থা এখন অনেকটা এমনই দাঁড়িয়েছে। মুক্তির অপেক্ষায় থাকা দীপিকার দুটি ছবি ‘তামাশা’ এবং ‘বাজিরাও-মাস্তানি’র নায়কও দুই রণবীর। ‘তামাশা’তে দীপিকা জুটি বেঁধেছেন রণবীর কাপুরের সঙ্গে আর ‘বাজিরাও-মাস্তানি’ ছবিতে তাঁর নায়ক রণবীর সিং।
সম্প্রতি ‘তামাশা’ ছবির প্রচারের জন্য দীপিকা এবং রণবীর কাপুর এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেখানে দীপিকাকে প্রশ্ন করা হয়, তাঁর কাছে বলিউডের সবচেয়ে বড় ‘তামাশা’ কে? জবাব দিতে প্রথমে একটু ইতস্তত বোধ করলেও পরে বর্তমান প্রেমিক রণবীর সিংয়ের নামই নিয়েছেন এই ‘পিকু’ অভিনেত্রী।
দীপিকার দাবি, রণবীর সিং বলিউডের সবচেয়ে বড় ‘তামাশা’। ‘রণবীর (সিং) এর মধ্যে কোনো ভণিতা নেই, তিনি যেমন মানুষ; তাঁকে সেভাবেই গ্রহণ করতে এবং ভালোবাসতে হবে। এই অভিনেত্রী আরও জানান, নিজের মতো থাকতে রণবীর সিং কখনো অপরাধবোধে ভোগে না’।
এদিকে, ‘কমেডি নাইট উইথ কপিল’ নামের রিয়েলিটি শোতে একই ছবির প্রচারে হাজির হয়ে দীপিকা তাঁর ‘তামাশা’র সহশিল্পী রণবীর কাপুরের সম্পর্কে বলেছেন, ‘ও (রণবীর কাপুর‍) খুবই চাপা স্বভাবের। ওর এই দিকটা আমার ভালো লাগে না। আমার মনে হয়, নিজেকে ওর আরও একটু প্রকাশ করা উচিত।’
দীপিকা-রণবীর কাপুর অভিনীত ‘তামাশা’ ছবিটি মুক্তি পাবে ২৭ নভেম্বর। আর দীপিকা-রণবীর সিং অভিনীত ‘বাজিরাও-মাস্তানি’ ছবিটি মুক্তি পাবে ডিসেম্বরের ১৮ তারিখ। টাইমস অব ইন্ডিয়া।