দীপিকার জন্য আজীবন অপেক্ষা করবেন রণবীর!

সম্প্রতি ‘বাজীরাও মাস্তানি’ ছবির একটি গানের উদ্বোধনী অনুষ্ঠানে একটু দেরিতেই এসে পৌঁছেছিলেন এ ছবির প্রধান দুই তারকা রণবীর সিং আর দীপিকা পাডুকোণ। ততক্ষণে সবাই সেখানে উপস্থিত। সবাই অপেক্ষায় ছিলেন। অনুষ্ঠান-মঞ্চে এসে দেরির জন্য দুঃখ প্রকাশ করে রণবীর বলেন—আমাকে বলা হয়েছে; আপনারা সেই নয়টা থেকেই অপেক্ষা করছেন। কিন্তু দীপিকা এত সুন্দর! আমি তাঁর জন্য আজীবন অপেক্ষা করতে পারি।
রণবীরের এ কথার পর উপস্থিত শ্রোতা-দর্শকেরা নিশ্চয় আর কোনো কথা খুঁজে পাননি!
এমনিতেও রণবীর সিং সব সময়েই বুদ্ধিদীপ্ত রসিকতায় পটু। গত বছরের শেষদিকে একবার ডেঙ্গুজ্বরের কারণে হাসপাতালে ছিলেন রণবীর। সুস্থ হওয়ার পর এ অভিনেতা বলেছিলেন, তিনি ভুগছেন ‘লাভেরিয়া’ রোগে! রণবীর সে সময় আরও বলেছিলেন, তিনি মজা করতে ভালোবাসেন। আশপাশের মানুষকে খুশি রাখতে তাঁর খুব ভালো লাগে। এটাই তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য।
এর আগে দীপিকা প্রসঙ্গে রণবীর জানিয়েছিলেন, তাঁর জীবনে এক বিশেষ স্থান দখল করে আছেন দীপিকা। রণবীরের কাছে দীপিকার গুরুত্ব অনেক বেশি। তিনি বলেছিলেন, দীপিকা তাঁর খুব কাছের একজন মানুষ। দীপিকা চমত্কার। তাঁর রূপ-গুণে তিনি মুগ্ধ, বিস্মিত।
এদিকে, রণবীর সিং-দীপিকা পাডুকোণ প্রসঙ্গে কিছুদিন আগেও কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছিল, মুম্বাইয়ের এক হোটেলে ভোর চারটা পর্যন্ত এ জুটিকে গল্পে মশগুল থাকতে দেখা গেছে। তারপর থেকে তাঁরা সবার বিশেষ নজরেই আছেন।
সে সময় মুকেশ আম্বানির এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সোজা একটি হোটেলে উঠেছিলেন দীপিকা। সেখানে ভোর চারটায় তিনি দেখা করেন রণবীর সিংয়ের সঙ্গে। হোটেলের দোতলার রেস্তোরাঁয় কয়েক ঘণ্টা সময়ও কাটিয়েছিলেন তাঁরা। খাবার টেবিলে গল্পে-আড্ডায় মেতে উঠেছিলেন দুজন।
এর পরেও, নানা অনুষ্ঠানে বিভিন্ন সময়ে এ দুজন একসঙ্গে জুটিতেই হাজির হয়েছেন। আর তাঁদের ঘনিষ্ঠতার নানা বিষয় নিয়ে খবর ছেপেছে সংবাদমাধ্যমগুলো।
রণবীর সিং ও দীপিকা পাডুকোণ জুটি হিসেবে প্রথম বড় পর্দায় আসেন সঞ্জয় লীলা বনশালীর ‘রামলীলা’ ছবিতে। এ ছবিতে তাঁদের অভিনয়ের রসায়ন, চুম্বন দৃশ্যে প্রাণবন্ত সহজ-স্বাভাবিক অভিনয় দেখে বলিউডের অনেকেই মন্তব্য করেছিলেন—তাঁদের প্রেম হয়ে গেছে।
প্রসঙ্গত, এ ছবির ওয়ার্কশপেই তাঁদের প্রথম সাক্ষাৎ হয়েছিল। আর তারপর থেকেই ‘সখ্য’ বাড়তে থাকে এ দুজনের মধ্যে।
ইন্দো-এশিয়ান নিউজ। টাইমস অব ইন্ডিয়া। হিন্দুস্তান টাইমস।