দীপিকার জায়গায় কারিনাকে চেয়েছিলেন সাইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর খান ও দীপিকা পাড়ুকোন
কারিনা কাপুর খান ও দীপিকা পাড়ুকোন

প্রযোজক হিসেবে সাইফ আলী খানের অভিষেক হয়েছে ২০০৯ সালে। এই অভিনেতার প্রথম প্রযোজিত ছবি ‘লাভ আজকাল’। আর ইমতিয়াজ আলী পরিচালিত তৃতীয় ছবি এটি। ইমতিয়াজ প্রথম ছবি ‘যাব উই মেট’ দিয়েই বক্স অফিস মাত করে দিয়েছিলেন। সেখানে প্রধান চরিত্রে ছিলেন কারিনা কাপুর খান ও শহিদ কাপুর। কারিনা তখন শহিদের সঙ্গে প্রেম করছেন। এই ছবির সফলতা শহিদ-কারিনার মুকুটেও যোগ করেছিল সাফল্যের পালক। সে সময় কারিনা ইমতিয়াজের সঙ্গে সামনে আরও কাজ করার ইচ্ছা পোষণ করেন। যখন ‘লাভ আজকাল’ নির্মাণের কথা চলছে, তখন আবার সাইফ-কারিনার মধ্যে প্রেম চলছিল। খুব স্বাভাবিকভাবেই কারিনা ধরে নিয়েছিলেন, প্রেমিকের প্রযোজিত এই ছবিটিতে নায়িকার চরিত্রে তিনিই থাকবেন। সাইফও এমনটাই চেয়েছিলেন। কিন্তু ইমতিয়াজ সেই চরিত্রের জন্য কারিনাকে নিতে রাজি হননি।

সাইফ আলী খান ও কারিনা কাপুর খান
সাইফ আলী খান ও কারিনা কাপুর খান

আজ ‘লাভ আজকাল’ ছবি মুক্তির আট বছর পূরণ হয়েছে। এ উপলক্ষে হিন্দুস্তান টাইমস একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানেই উঠে এসেছে এ তথ্য। সাইফ নাকি একটি সাক্ষাৎকারে নিজেই স্বীকার করেছিলেন, এই সিনেমায় তিনি দীপিকার জায়গায় কারিনাকে নিতে চেয়েছিলেন। কিন্তু ইমতিয়াজ জানতেন, এই চরিত্রে কারিনার চেয়ে দীপিকা বেশি মানানসই। আর মজার বিষয় হলো, ইমতিয়াজ যখন এই ‘পিকু’ তারকাকে ছবিটির প্রস্তাব দিয়েছিলেন, তখন তিনি মডেলিং নিয়ে ব্যস্ত। দীপিকা তখনো অভিনয়ে আসার কথা ভাবেননি। পরে ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ মুক্তির পর দীপিকা এই ছবির প্রস্তাব গ্রহণ করেন।

দীপিকা ও সাইফ
দীপিকা ও সাইফ

‘লাভ আজকাল’ আরেকটি দিক থেকে বিশেষ। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ ২৬ বছর পর পর্দায় ফেরেন নিতু সিং। এখানে এই অভিনেত্রীর স্বামী ঋষি কাপুরও অভিনয় করেছেন। হিন্দুস্তান টাইমস।