দীপিকার প্রতিবাদ: নিন্দার মুখে টাইমস অব ইন্ডিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের একটি ছবি ও তাঁর ক্লিভেজ (স্তনসন্ধি) নিয়ে মন্তব্য করে ব্যাপক নিন্দা ও সমালোচনার মুখে পড়েছে টাইমস অব ইন্ডিয়া। 

‘ওহ মাই গড: দীপিকার ক্লিভেজ প্রদর্শনী’—দীপিকার ছবির সঙ্গে এমন মন্তব্য জুড়ে দিয়ে টুইট করে ভারতের শীর্ষস্থানীয় পত্রিকাটি। গত বছরের একটি অনুষ্ঠানে তোলা হয় ছবিটি। টুইটারে দীপিকার ক্ষুব্ধ জবাবটি ছিল, ‘হ্যা, আমি একজন নারী। আমার স্তন এবং ক্লিভেজ আছে! তোমার কোনো সমস্যা!!??’ 

ইতিমধ্যেই হাজার হাজার দীপিকা-ভক্ত তাঁকে সমর্থন করেছেন এবং প্রতিবাদ করার জন্য তাঁর প্রশংসা করেন। দীপিকার টুইটের জবাবে সাত হাজারের বেশি জবাব (রি-টুইট) আসে। ঘণ্টা খানেকের মধ্যেই ভারতের প্রধান টুইটার ট্রেন্ড হয় #আইস্টান্ডউইথদীপিকাপাড়ুকোন।

অভিনেত্রীরাও দীপিকার প্রতিবাদের জন্য তাঁকে প্রশংসায় ভাসাতে থাকেন।

অবশ্য দীপিকাই যে প্রথম অভিনেত্রী যিনি গণমাধ্যমের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন, তা নয়। বরং ভারতীয় মিডিয়ার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়া সর্বশেষ অভিনেত্রী তিনি।

এর আগে গত অক্টোবরে ভারত (এবং পুরো বিশ্ব) মল্লিকা শেরাওয়াতের একটি ভিডিও নিয়ে সরব হয়ে ওঠে। সেখানে দেখা যায়, এক সংবাদ সম্মেলনে ‘ভারতীয় সমাজ নারীর জন্য প্রতিক্রিয়াশীল’ বলে মন্তব্য করেন এ তারকা অভিনেত্রী। উপস্থিত সাংবাদিকেরা তাঁর এ বক্তব্য প্রত্যাহার করে নিতে বললে তিনি তা করতে অস্বীকার করেন।

ব্যাচলরত্তি নামে তাঁর একটি শো উদ্বোধন করতে সম্প্রতি ভারতে আসেন মল্লিকা শেরাওয়াত। সেখানে এক সাংবাদিক যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ভ্যানিটি ফেয়ারকে দেওয়া সাক্ষাত্কারের উল্লেখ করে তাঁকে প্রশ্ন করেন, অন্য দেশের একটি পত্রিকায় ভারতকে ‘পশ্চাত্পদ এবং প্রতিক্রিয়াশীল’ বলার অধিকার মল্লিকার আছে কি না।

শেরওয়াত চড়াও হয়ে সেই নারী সাংবাদিককে এক হাত নেন। তিনি বলেন, ‘নারী ভ্রূণহত্যা, শিশুহত্যা এখানকার প্রতিদিনের ঘটনা। গণধর্ষণ এখানকার প্রায় প্রতিটি পত্রিকার শীর্ষ খবর; অনার কিলিং (পরিবারের সম্মান রক্ষার্থে নারীদের হত্যা করা) হয় এখানে ... আমি মনে করি এটা (ভারত) নারীদের জন্য প্রচণ্ড, প্রচণ্ড প্রতিক্রিয়াশীল রাষ্ট্র। এবং লিখে রাখুন আমি এটা বললাম।’

ইউটিউবের ভিডিওটি ফেসবুক এবং টুইটারে শেয়ার করা হলে ভারতীয় সমাজ সম্পর্কে অপ্রিয় সত্য বলার সাহসের জন্য অনেকেই মল্লিকাকে ব্যাপকভাবে অভিনন্দিত করেন এবং সাধুবাদ জানান।

সম্প্রতি ভারতের আর এক তারকা অভিনেত্রী পরিনীতি চোপড়াও অন্য এক সাংবাদিকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। ওই সাংবাদিক তাঁকে জিজ্ঞেস করেন, ‘কেন অল্পবয়সী মেয়েরা “এটা” পছন্দ করে এবং বয়স বাড়লে তারা চিত্কার চেঁচামেচি শুরু করে এবং বলে, পুরুষেরা তাদের নষ্ট করেছে।’

স্পষ্টতই বিরক্ত হয়ে অভিনেত্রী ওই সাংবাদিকের কাছে জানতে চান ‘এটা’ বলতে তিনি কী বোঝাতে চাচ্ছেন?

এরপর পরিনীতি বলেন, ‘আমরা কি তোমাকে জোর করেছি আমাদের সঙ্গে আসতে? আমি দুঃখিত, তোমার ওপর দিয়ে প্রচুর ধকল গেছে ... আমি মনে করি একজন নারীকে এ রকম প্রশ্ন করা অসম্মানজনক এবং অপমানজনক।’ পরিনীতির মন্তব্যটি সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য সাংবাদিক করতালির মাধ্যমে সমর্থন জানান।

অবশ্য এটাই শেষ নয়, পরিনীতি এক পুরুষ সাংবাদিককে দেখে নেবারও হুমকি দেন, ওই সাংবাদিক মেয়েদের ঋতুস্রাবকে একটি ‘সমস্যা’ বলে আখ্যায়িত করেন। আরেক সাংবাদিক পরিনীতি চোপড়ার ওজন নিয়ে রসিকতা করেন। এবং আরও কয়েকজন তাকে ‘বলিউডের রাগী তরুণী’ বলেন। 

এই খেতাবটি অবশ্য বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চনের। অনেক বছর আগে দিওয়ার  বা জানজির-এর মতো সিনেমায় মারদাঙ্গা অভিনয়ের জন্য অমিতাভকে ‘অ্যাংরি ইয়াং ম্যান’ বা ‘রাগী তরুণ’ ডাকা হতো।

বিশ্বব্যাপী অভিনেত্রী এবং তারকাদের শুধু শরীরসর্বস্বভাবে দেখা অবশ্য নতুন কোনো ব্যাপার নয়। তারকাদের নিয়ে রগরগে কাহিনি বা গুজব প্রচার করাও যেন খুব নৈমিত্তিক ব্যাপার। তারকারাও এতে তেমন প্রতিবাদ করেন না।কিন্তু, ভারতে সাম্প্রতিক সময়ে মিডিয়া বনাম অভিনেত্রী—এই রেষারেষি বেশ চলছে।

বলিউডের অভিনেত্রীরা কেন তাহলে এখন এমন রুখে দাঁড়িয়েছেন?

গত কয়েক বছরে ভারত কীভাবে তার নারীদের দেখছে এবং নারী বিষয়ে রাষ্ট্রের চর্চাটা কেমন, সেটার ভেতরই এর উত্তর খুঁজতে হবে। ২০১২ সালের ডিসেম্বরে দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছরের মেডিকেলছাত্রীর গণধর্ষণের ঘটনাটি ভারতীয় সমাজকে ব্যাপক নাড়া দেয়। এ ঘটনার পর নারীদের দ্বিতীয় শ্রেণির নাগরিক ভাবা সমাজটি ভিন্নভাবে ভাবতে শুরু করে। সমাজে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এটি ব্যাপক আলোড়ন তৈরি করে। গণমাধ্যম তখন নারীদের নিরাপত্তা বিষয়ে সোচ্চার হয়ে ওঠে।

নারী-অধিকার নিয়ে কর্মরত কবিতা কৃষ্ণান বলেন, ‘গণমাধ্যম যেভাবে নারীকে দেখে, তা রীতিমতো বীভত্স। সেখানে নারীদের যৌনতাকেই প্রধান করে দেখানো হয়। কিন্তু দীপিকা শুধু তার ক্লিভেজ নন।’

কবিতা কৃষ্ণান বলেন, টাইমস অব ইন্ডিয়া যেভাবে তার পাঠকদের, ‘এসো, তাঁর স্তনের দিকে তাকিয়ে থাকো’ বলে, তা ‘যৌন হয়রানির একটি নগ্ন নিমন্ত্রণ’।

দীপিকা ক্ষুব্ধ হলে এবং শতাধিক পাঠক নেতিবাচক প্রতিক্রিয়া দেখালে টাইমস অব ইন্ডিয়া রিপোর্টটি তাদের সাইট থেকে মুছে ফেলে। পত্রিকাটি দীপিকাকে ওই মন্তব্যটি নিছকই ‘প্রশংসা’ হিসেবে দেখতে অনুরোধ করে।

সমালোচকেরা বলছেন, পত্রিকাটির প্রথম অপরাধের চেয়েও এই প্রতিক্রিয়া আরও বেশি ভয়াবহ।

কৃষ্ণান বলেন, ‘যৌন হয়রানিকে তারা প্রশংসা হিসেবে দেখতে বলছে। এটা একদম রাস্তাঘাটের লোকজনের মতো কথা। যখন আপনারা তাদের নিপীড়নের প্রতিবাদ করবেন, তারা বলবে এটা প্রশংসা ছিল। ইতর শ্রেণির লোকের মুখে এ রকম কথা মানায়। একটি জাতীয় দৈনিক কীভাবে এ কথা বলে?’