দীপিকার প্রসঙ্গ এড়িয়ে গেলেন রণবীর!

হলিউডের তারকা ভিন ডিজেলের বিপরীতে বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের হলিউড অভিষেক হতে যাচ্ছে—এমন কথাই জানিয়েছিল মুম্বাইয়ের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। খবরটি গুঞ্জন তুলেছিল কয়েকটি টুইটার বার্তার সূত্র ধরেই। কিন্তু সুনির্দিষ্ট করে কিছু না বলে ‘এখনো কোনো কিছুই নিশ্চিত নয়’ এমন মন্তব্য করে বিষয়টা এড়িয়ে গেলেন দীপিকা পাড়ুকোনের প্রেমিক, বলিউডের অভিনেতা রণবীর সিং।
নির্মাতা ডিজে কারুসো তাঁর নতুন ‘এক্স এক্স এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবিতে দীপিকার অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছিলেন নিজেই। ২ জানুয়ারি এক টুইট বার্তায় ডিজে কারুসো লিখেছিলেন, ‘যাত্রা হলো শুরু! আমার নতুন ছবির অভিনেত্রী দীপিকাকে ভালো লাগছে।’ তিনি এ-ও লিখেছিলেন, ‘জানুয়ারির ১৩ তারিখ থেকেই শুরু হচ্ছে ছবির শুটিং।’
এর আগে গেল বছর ডিসেম্বরে দীপিকা ঝড় তুলেছিলেন টুইটারে। সেখানে একটি ছবিতে দীর্ঘদেহী এক পুরুষের সঙ্গে দেখা গেছে দীপিকাকে! ভক্তদের অবশ্য দীপিকার সঙ্গে হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা ভিন ডিজেলকে চিনতে কোনো অসুবিধাই হয়নি!
যা হোক, নির্মাতা ডিজে কারুসোর দেওয়া নতুন খবরটি জানার পর ভক্তরা ধরেই নিয়েছিলেন সামনের সপ্তাহেই অভিনয়ে নামছেন দীপিকা। কিন্তু পরিচালক কারুসো স্পষ্ট জানিয়েছিলেন, ‘আমরা শুরু করছি জানুয়ারিতে। সে (দীপিকা) শুরু করবে ফেব্রুয়ারির কোনো এক সময়ে।’
কিন্তু দীপিকার কাছ থেকে এ সম্পর্কে কোনো মন্তব্য পাওয়া যায়নি এখনো। তবে এই ব্যাপারে সম্প্রতি মুখ খুলেছেন দীপিকার বন্ধু ও সহ-অভিনেতা রণবীর সিং। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে রণবীর বলেন, ‘আমার মনে হয় না কোনো কিছু এখনো নিশ্চিত। দীপিকা এখনো নিশ্চিত করে কিছুই বলেনি। তাই, অস্থির না হয়ে আমরা বরং একটু অপেক্ষায় থাকি।’ এনডিটিভি। টাইমস অব ইন্ডিয়া।