দীপিকার প্রস্তুতি

আক্ষরিক অর্থেই মাথার ঘাম পায়ে ফেলছেন দীপিকা পাড়ুকোন। বলিউডের তুলনায় হলিউড মহাসমুদ্রই। আর সেখানে গিয়ে সাঁতরাতে হলে জোর প্রস্তুতিও থাকা চাই। ভিন ডিজেলের মতো খ্যাতিমান তারকার সঙ্গে হলিউডি ছবিতে অভিষেকের জন্য সেই প্রস্তুতি নিতে শুরু করেছেন দীপিকা।
মুম্বাইভিত্তিক সেলিব্রিটি ট্রেইনার ইয়াসমিন করাচিওয়ালার অধীনে জিম করতে শুরু করেছেন দীপিকা। রীতিমতো ঘাম ছোটাচ্ছেন। সেই ভিডিও ইয়াসমিন পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। লিখেছেন, ‘দীপিকা তাঁর হলিউড অভিষেকের জন্য প্রস্তুত হচ্ছেন। জোর কদমে ট্রেনিং সেশন চলছে।’
২০০২ সালের দারুণ ব্যবসাসফল ছবি ট্রিপল এক্স-এ অভিনয় করেছিলেন ডিজেল। ২০০৫ সালে এর সিক্যুয়েল মুক্তি পায়। তাতে অবশ্য ডিজেল কাজ করেননি। ছবিটিও বক্স অফিসে গোত্তা খায়। সিরিজের তৃতীয় ছবিতে আবার ফিরবেন তিনি। আর সেই রিটার্ন অব জ্যান্ডার কেজ-এ অভিনয় করবেন দীপিকা। অভিনয়জীবনের শুরু থেকেই গল্প ও প্রেমনির্ভর ছবিতে কাজ করেছেন। হলিউডে তাই অগ্নিপরীক্ষা দিয়েই অভিষেক হচ্ছে তাঁর। দুদ্দাড় অ্যাকশন। ছবিতে তাঁর চরিত্রের নাম ‘সেরেনা’। ডিজেল ছাড়াও ভ্যাম্পায়ার ডায়েরিজ তারকা নিনা ডোব্রেভ এবং অরেঞ্জ ইজ নিউ ব্ল্যাক–খ্যাত রুবি রোজের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা হবে তাঁর।
দীপিকার অংশটির শুটিং শুরু হবে ফেব্রুয়ারিতে। ছবি মুক্তির দিনক্ষণ অবশ্য এখনো জানা যায়নি। পরিচালনা করছে ডিজে কারুসো। ইন্ডিয়া টুডে।