দীপিকার প্রিয় আনুশকা আর ক্যাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে ক্যাটরিনা ও আনুশকা
‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে ক্যাটরিনা ও আনুশকা
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন


সহশিল্পীর সঙ্গে হিংসা বা রেষারেষি নতুন কোনো ঘটনা নয়। তবে বলিউডের নায়িকারা এখন অনেক কৌশলী। নিজের প্রজন্মের অন্য অভিনেত্রীদের সম্পর্কে প্রশ্ন করা হলে তাঁরা একেকজন যেন কূটনীতিক হয়ে ওঠেন। এই যেমন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা সম্পর্কে। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত ও পেশাদারি—দুই ক্ষেত্রেই নাকি তাঁর ক্যাট আর আনুশকাকে ভীষণ পছন্দ।
কিছুদিন আগেই নির্মাতা করণ জোহরের ‘কফি উইথ করণ’-এ অতিথি হয়ে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। একদিক থেকে দুজনের সঙ্গেই দীপিকার একটি সংযোগ রয়েছে। দীপিকার সাবেক প্রেমিক রণবীর কাপুরের একসময়ের প্রেমিকা ক্যাটরিনা কাইফ। আবার আনুশকার সাবেক প্রেমিক রণবীর সিং দীপিকার বর্তমান প্রেমিক। অনুষ্ঠানের একপর্যায়ে করণ দুজনের কাছে জানতে চান, দীপিকা কখনো তাঁদের দুজনের ভালো বন্ধু ছিলেন কি না? দুজনই উত্তর দিয়েছেন ‘না’।
তবে কফি উইথ করণ-এর সেই পর্বটি নাকি এই পিকু অভিনেত্রী ভীষণ উপভোগ করেছেন। নিজেই টুইট করে তা জানিয়েছেন। এরপর এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয় না এটা কোনো প্রতিযোগিতার বিষয়। আমি একজনের সম্পর্কে যা মনে করব তিনিও যে আমাকে নিয়ে সব সময় ঠিক তা-ই ভাববেন, এমন কোনো কথা নেই। এটা নিয়ে আমি কিছু মনেও করি না। আমি তো আনুশকা আর ক্যাটরিনা কাইফকে ভীষণ পছন্দ করি। তাঁদের জন্য শুভকামনা।’ হিন্দুস্তান টাইমস।