দীপিকার ব্যবহারে ক্ষুব্ধ ভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্লোরিডার ডিজনিল্যান্ডে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন
ফ্লোরিডার ডিজনিল্যান্ডে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

একটি ভিডিও। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডিজনিল্যান্ড। এখানে অনেকের মাঝে রণবীর সিংয়ের হাত ধরে হাঁটছেন দীপিকা পাড়ুকোন। হঠাৎ তিনি খেয়াল করেন, পাশ থেকে একটি মেয়ে তাঁদের ভিডিও করছেন। মেয়েটি বলিউডের এই জনপ্রিয় নায়িকার সঙ্গে একটি ছবি তুলতে চান। রণবীর সিংয়ের হাত ছেড়ে দিয়ে মেয়েটির দিকে এগিয়ে আসেন দীপিকা পাড়ুকোন। এরপর বন্ধ।

দুদিন আগে ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করা হয়। এরপর দ্রুত তা ছড়িয়ে পড়ে। আর বিভিন্ন সংবাদমাধ্যমে লেখা হয়, যিনি ভিডিওটি করেছেন, রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন তাঁকে আক্রমণ করেন। এরপর জয়নাব খান নামের এক নারী এই ব্যাপার নিয়ে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন। এখানে পুরো ব্যাপার তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন। এখানে তিনি জানিয়েছেন, সেদিন ভিডিওটি তিনিই করেছিলেন।

ইনস্টাগ্রামে জয়নাব খান লিখেছেন, ‘আমি মোটেও পাপারাজ্জি না। তাঁদের চারপাশে ঘোরা আমার কাজ না। ফ্লোরিডায় ডিজনিল্যান্ডে সেদিন গিয়েছিলাম ছুটি কাটাতে। হঠাৎ দীপিকাকে দেখে কিছু না ভেবেই ভিডিও করেছি, তাঁর সঙ্গে ছবি তুলতে চেয়েছি। এ সময় দীপিকা আমার দিকে এগিয়ে আসেন। ভেবেছি দীপিকা আমার সঙ্গে ছবি তুলবেন। কিন্তু দীপিকা আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছেন। তিনি চিৎকার করে জানতে চান, কেন আমি তাঁর অনুমতি ছাড়া ভিডিও করেছি। রণবীরও আমাকে একই প্রশ্ন করেছেন।’

প্রিয় নায়িকার কাছ থেকে এমন আচরণ!—ভাবতেই পারছেন না জয়নাব খান। দীপিকার এই আচরণ দেখে ক্ষুব্ধ হয়ে লিখেছেন, তিনি আর দীপিকার ভক্ত না।

অনেক আগে থেকেই শোনা যাচ্ছে, আগামী ১০ নভেম্বর রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন বিয়ে করছেন। তাঁর দুজনই এখন কাজ থেকে লম্বা ছুটি নিয়েছেন। বিয়ের আগে নিজেদের মতো করে ছুটি কাটাতে তাঁরা ফ্লোরিডায় গেছেন। কারণ, বিয়ের পর তাঁরা দুজনই আবার কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, বলিউডের জনপ্রিয় এই তারকা জুটির বিয়েটা ইতালিতে হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম জানতে পেরেছে, রণবীর সিং আর দীপিকার বিয়ে হবে ইতালির লেক কোমো অঞ্চলে। আল্পসের পাদদেশের এই হ্রদ অঞ্চল খুবই মনোরম। জায়গাটা বর-কনে দুজনেরই খুব পছন্দ হয়েছে।