দীপিকার মাস্তানিতে বাজিরাওয়ের বেহাল দশা!

ছবির শুটিংয়ের জন্যই এই গোঁফ পাকিয়ে ওপরে তোলা, মারাঠি বীর সেনাপতি পেশওয়া বাজিরাও হতে টিকি-দাঁড়ি-গোঁফে সেজেছিলেন বলিউডের অভিনেতা রণবীর সিং। কিন্তু বিষয়টা বোধ হয় পছন্দ হয়নি প্রেমিকা দীপিকা পাডুকোণের। সম্ভবত এ কারণেই ছবি মুক্তির পরপরই কাঁচি হাতে রণবীরের দাড়িগোঁফ সব ছেঁটে তাঁকে আবারও রণবীর সিং বানাতে হামলা চালিয়েছিলেন ‘মাস্তানি’ দীপিকা।
কাঁচি হাতে শুধু রণবীরের দাড়িগোঁফই ছাঁটেননি দীপিকা। এই অসাধারণ মুহূর্তটি ক্যামেরাবন্দী করে এর ভিডিওচিত্রটি ছবি শেয়ারের ওয়েবসাইট ইনস্টাগ্রামে পোস্টও করেছেন।
ইনস্টাগ্রামে পোস্ট করা এই ভিডিওতে দেখা যাচ্ছে, কাঁচি হাতে রণবীরের গোঁফ ছাঁটছেন দীপিকা। যদিও ভিডিওচিত্রটিতে দেখা যাচ্ছে, দীপিকার হাত থেকে নিজেকে; বিশেষ করে তাঁর ‘বাজিরাও গোঁফ’ বাঁচানোর চেষ্টা করছেন রণবীর। কিন্তু দুজনের মুখেই হাসি।

‘বাজিরাও মাস্তানি’ ছবিটি সঞ্জয় লীলা বনশালী নির্মাণ করেছেন মারাঠি বীর সেনাপতি পেশওয়া বাজিরাওয়ের ঐতিহাসিক প্রেমকাহিনি নিয়ে। এই ছবিতে দীপিকা পাডুকোণ অভিনয় করেছেন ‘মাস্তানি’ চরিত্রে। এ ছবির চরিত্র মাস্তানি বাজিরাওয়ের প্রেমিকা, এক যোদ্ধা রাজকুমারী। এই ১৮ ডিসেম্বর মুক্তি পেয়েছে বাজিরাও মাস্তানি ছবিটি। ছবির মারাঠা সেনাপতি ‘পেশওয়া বাজিরাও’ চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। এ ছাড়া, ‘বাজিরাও’-এর প্রথম স্ত্রী ‘কাশিবাঈ’ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। পিটিআই।