দীপিকার রাজস্থানী নাচ দিয়ে শুরু 'পদ্মাবতী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মাবতী’র ঘোষণা অনুষ্ঠানে একটি বিশেষ মুহূর্তে পরিচালক সঞ্জয়লীলা বনশালি, দীপিকা ও রণবীর।
পদ্মাবতী’র ঘোষণা অনুষ্ঠানে একটি বিশেষ মুহূর্তে পরিচালক সঞ্জয়লীলা বনশালি, দীপিকা ও রণবীর।

সঞ্জয়লীলা বনশালি মানেই শুটিং শুরুর আগে আলোচনা। ভদ্রলোকের পরবর্তী ছবি ‘পদ্মাবতী’র ঘোষণা এসেছে আরও বেশ খানিকটা সময় আগে। ভক্তদের অপেক্ষা কবে শুরু হচ্ছে শুটিং। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
আর মাত্র কয়েকটা দিন। রাজস্থানী ঐতিহ্যের ‘ঘুমর’ নাচের একটি দৃশ্যের শুটিং দিয়েই শুরু হতে চলেছে ছবির কাজ। ছবির কেন্দ্রীয় চরিত্র রানি পদ্মাবতীকেই এই দৃশ্যে ‘ঘুমর’ নাচের আসরে দেখা যাবে। তার মানে এটা চূড়ান্ত যে-দীপিকা পাড়ুকোনকেই প্রথম ফ্রেমবন্দী করে শুটিং শুরু করতে চলেছেন সঞ্জয়লীলা বনশালি।

দীপিকা পাড়ুকোন।
দীপিকা পাড়ুকোন।

জানা গেছে, মুম্বাইয়ের বান্দ্রার মেহবুব স্টুডিওতে এই নাচের দৃশ্যটি শুটিংয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ‘পদ্মাবতী’র ইউনিট। এই দৃশ্যের জন্য চিতোর দুর্গের ভেতরের একটি বিশেষ অংশের মতো করে সেট তৈরি হচ্ছে মেহবুব স্টুডিওতে।
‘পদ্মাবতী’র মাধ্যমে ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়েছেন বানশালি। কারণ এর বাজেট ১৭০ কোটি রুপি। তার স্বপ্ন বাস্তবায়নে অর্থলগ্নি করতে সম্মতি জানিয়েছে ভায়াকম এইটিন মোশন পিকচার্স। প্রযোজনা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুধাংশু ভাটস সোমবার টুইটারে ছবিটির পাত্রপাত্রী চূড়ান্ত হওয়ার ঘোষণা দেন। ছবিতে আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয় করবেন রণবীর সিং। রানি পদ্মাবতীর স্বামী চিতোরের রাজা ভাওয়াল রতন সিংহের চরিত্রে দেখা যাবে শাহিদ কাপুরকে।
সঞ্জয়লীলা বানশালির সঙ্গে রণবীর সিং ও দীপিকার তৃতীয় ছবি হতে যাচ্ছে ‘পদ্মাবতী’। এর আগে ‘গোলিও কা রাসলীলা রাম-লীলা’ ও ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে একসঙ্গে কাজ করেন তারা।
প্রসঙ্গত, রামলীলা করার সময় দীপিকা এক কোটি রুপি নিয়েছিলেন। বাজিরাও মাস্তানিতে সেই পরিমাণটা সাত কোটি রুপিতে গিয়ে পৌঁছায়। আর এবার পদ্মাবতীর জন্য দীপিকা চাইলেন ১২ কোটি ৬৫ লাখ রুপি। বলিউডে এই প্রথম কোনো অভিনেত্রী ১০ কোটি রুপির বেশি পারিশ্রমিক চাইছেন। আর পরিচালকও রাজি হয়েছেন এতে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অব ইন্ডিয়া।