দীপিকার সঙ্গে অভিনয়ে রণবীরের 'লাভ'!

‘হৃদয় দিয়ে অভিনয় করে সে, অসাধারণ একজন অভিনেত্রী। দীপিকার সঙ্গে যে অভিনয় করবে তাঁর কাজ ভালো হতে বাধ্য।’ —সম্প্রতি সাবেক প্রেমিকা দীপিকা পাডুকোণ প্রসঙ্গে এমন মন্তব্যই করেছেন রণবীর কাপুর। দীপিকার সঙ্গে অভিনয় করার এটাই লাভ, এমনটাই জানিয়েছেন ‘তামাশা’ ছবিতে দীপিকার সহ অভিনেতা রণবীর কাপুর।
এ ছাড়াও, ‘তামাশা’ ছবিতে তাঁর জুটি প্রসঙ্গে রণবীর আরও জানিয়েছেন, দীপিকার সঙ্গে জুটি হয়ে কোনো ছবিতে অভিনয় করলে তাঁদের এই জুটির কারণেই সে ছবি সম্পর্কে অনেকেই আগ্রহী হন। তিনি জানান, দীপিকার অসংখ্য ভক্ত, সে অনেক জনপ্রিয়। আমি অত্যন্ত আনন্দিত যে, তামাশা ছবিতে আমরা জুটি হয়েছি। আর এই ছবির শুরুর সাফল্যের দেখা পেয়েছি।
ছবির দর্শকদের প্রসঙ্গে এই ‘বরফি’ তারকা বলেন, দর্শকদের মতামতকে চ্যালেঞ্জ করা উচিত নয়। বক্স অফিস সাফল্যের তাঁরাই নিয়ন্ত্রক। তাঁরা কোনো ছবি সম্পর্কে যা বলে ছবি সম্পর্কে সেটাই তাঁদের রায়। ‘তামাশা’ ছবির সাফল্য, এর নির্মাতা ইমতিয়াজ ও অভিনেত্রী দীপিকা প্রসঙ্গে রণবীর জানিয়েছেন, বিষয়টা খুব আনন্দ দিচ্ছে, ইমতিয়াজের স্বপ্ন এবং কঠোর পরিশ্রম, আমাদের পরিশ্রম সব মিলিয়ে এ ছবির একটা ভালো সাফল্যের ইঙ্গিত পাচ্ছি এখন।
এদিকে, কিছুদিন আগে রণবীর কাপুর প্রসঙ্গে দীপিকা জানিয়েছিলেন, তাঁদের দুজনের এই পথ চলার বিষয়টি এক কথায় অসাধারণ। রণবীর সম্পর্কে তাঁর মন্তব্য ছিল, সে অনেক মেধাবী একজন অভিনেতা। সে একজন অসাধারণ মানুষ।
‘বাঁচনা অ্যায় হাসিনো’ ছবির মাধ্যমেই রণবীর-দীপিকার পরিচয়ের সূত্রপাত। ২০০৮ সালের দিকে এ ছবিতে কাজ করতে গিয়েই একসময় দুজনের প্রেম। যদিও মাত্র এক বছরের মাথায় তাঁদের প্রেমের ইতি ঘটে। বলিউডে রণবীর-দীপিকার ঘনিষ্ঠ অনেকেই বলেন, তাঁদের প্রেম ভেঙে যাওয়ার পেছনে রণবীরের মা নীতু সিংয়ের বিশেষ ভূমিকা আছে। রণবীর কাপুরের সঙ্গে দীপিকা পাডুকোণের প্রেমের ইতি ঘটার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন দীপিকা। সে সময় তাঁকে চিকিৎসকের শরণাপন্নও হতে হয়েছিল।
দীপিকা-রণবীরের সম্পর্কটিও বিচিত্র। প্রথমে বন্ধুত্ব এর পর প্রেম তারপর আবারও গভীর বন্ধুত্ব। যেন এক বয়ে চলার নদীর মতোই। নানা বাঁক নিয়ে আবারও বন্ধুত্বের মোহনায় এসে মিশেছেন তাঁরা। ইন্দো-এশিয়ান নিউজ।