দুঃসাহসী হৃতিক-ক্যাটরিনা

‘ব্যাং ব্যাং’ ছবিতে জুটি বেঁধেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় দুই তারকা হৃতিক রোশন ও ক্যাটরিনা কাইফ। সম্প্রতি অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটির অফিশিয়াল টিজার প্রকাশিত হয়েছে। সেখানে দুঃসাহসিক সব অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে হৃতিক ও ক্যাটকে।
২০১১ সালে মুক্তি পাওয়া ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে হৃতিক-ক্যাটরিনার রসায়ন দেখে মুগ্ধ হন অগণিত দর্শক। ফের এই জুটিকে নিয়ে গত বছরের মে মাসে থাইল্যান্ডে শুটিং শুরু করেন ‘ব্যাং ব্যাং’ ছবির নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। ছবির ঝুঁকিপূর্ণ নানা দৃশ্যে বডি ডাবল ব্যবহার না করে নিজেই অভিনয় করতে গিয়ে মাথায় আঘাত পান হৃতিক। এ জন্য তাঁর মাথায় অস্ত্রোপচারও করাতে হয়েছিল। হৃতিকের অসুস্থতার কারণে ‘ব্যাং ব্যাং’ ছবির কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। হৃতিক সুস্থ হয়ে উঠলে অবশেষে চলতি মাসের জানুয়ারিতে ছবিটির কাজ আবার শুরু হয়।
‘ব্যাং ব্যাং’ ছবির ধুন্ধুমার সব অ্যাকশন দৃশ্যে হৃতিকের মতো ক্যাটরিনাও কোনো বডি ডাবল ব্যবহার না করে নিজেই অভিনয় করেন। নির্মাতারা ঝুঁকিপূর্ণ সেসব দৃশ্যে ক্যাটকে বডি ডাবল ব্যবহার করতে বললেও তাঁদের কথা না শুনে নিজেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে যান ক্যাট। এর পেছনে তাঁর যুক্তি, দৃশ্যগুলো বাস্তবসম্মত ভাবে দর্শকদের সামনে তুলে ধরতে চান তিনি। এ জন্য বডি ডাবল ব্যবহারের পক্ষপাতী তিনি নন।

২০১০ সালে মুক্তি পাওয়া অ্যাকশন-কমেডি ঘরানার হলিউডের ছবি ‘নাইট অ্যান্ড ডে’র হিন্দি রিমেক ‘ব্যাং ব্যাং’। ‘নাইট অ্যান্ড ডে’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ ও ক্যামেরন ডায়াজ। কিছুদিন আগে ‘ব্যাং ব্যাং’ ছবির পোস্টার প্রকাশিত হলে হইচই পড়ে যায় বলিউডে। পোস্টারে হূতিক-ক্যাটের অন্তরঙ্গ ছবি আলোচনার পাশাপাশি সমালোচনারও জন্ম দেয়। এবার ছবিটির টিজার প্রকাশিত হলো। প্রেক্ষাগৃহে বসে ছবিটি উপভোগের জন্য চলতি বছরের ২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের।