দুই কাপুরের দামি জুতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর কাপুর ও অর্জুন কাপুর
রণবীর কাপুর ও অর্জুন কাপুর

বলিউড তারকারা তাঁদের ফিল্ম আর ব্যক্তিগত কারণ ছাড়া ফ্যাশনের জন্য হামেশাই খবরের শিরোনাম হন। তাঁদের ফ্যাশন সাধারণ মানুষ অনেক সময় অনুসরণের চেষ্টা করেন। কিন্তু সব সময় তা সবার সাধ্যের বাইরে থাকে। ইদানীং আলিয়া ভাটের নীল রঙের ফ্রক ভীষণভাবে আলোচিত হয়। প্রেমিক রণবীর কাপুরের জন্মদিনের দিন এই বলিউড সুন্দরী গুচি ব্র্যান্ডের একটি ফ্রক পরেছিলেন। এ রকম একটি ফ্রকের বাসনা হয়তো অনেক সুন্দরীর মনে জেগে উঠেছে। কিন্তু সাধ আর সাধ্যের মধ্যে দূরত্ব অনেকটাই। কারণ, আলিয়ার দেড় লাখ টাকা দামের ফ্রকটি অনেকেরই নাগালের বাইরে। এবার আলোচনায় উঠে এল বলিউডের দুই কাপুর রণবীর এবং অর্জুনের এক জোড়া জুতা। সম্প্রতি এই দুই বলিউড তারকার পায়ে একই রকমের জুতা দেখা যায়। আর এই জুতা জোড়ার দাম শুনলে যে–কেউ ভিরমি খেতে বাধ্য।

সম্প্রতি রণবীর কাপুরকে সাদা রঙের জুতো পরে বিমানবন্দরে দেখা যায়। জুতাটি দেখতে আহামরি কিছু নয়। তবে দাম নেহাতই আহামরি। নাইকি কোম্পানির জুতাটির দাম সত্যি অবাক করার মতো। নাইকির এক্স অব হোয়াইট জুতার দাম ৩ লাখ ১৭ হাজার ৫৫৩ টাকা। অর্জুন কাপুরের পায়ে এই জুতা দেখা গিয়েছিল তার আগামী ছবি ‘নমস্তে ইংল্যান্ড’-এর প্রচারণার সময়।

সদ্য প্রয়াত হয়েছেন রণবীরের দাদি কৃষ্ণা রাজ কাপুর। রণবীরকে আয়ান মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে। ছবিতে এই বলিউড নায়কের বিপরীতে আছেন তাঁর প্রেমিকা আলিয়া ভাট। এদিকে অর্জুন কাপুর ও পরিণীতি চোপড়া অভিনীত ‘নমস্তে ইংল্যান্ড’ ছবিটি ১৯ অক্টোবর মুক্তি পাবে।