দুই খানের মহামিলন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ ও সালমান খান
শাহরুখ ও সালমান খান

বছরের শেষে এসে পাওয়া গেল বছরের সবচেয়ে বড় ‘বলিউড চমক’। একদিকে বলিউডের অভিনেত্রী রানী মুখার্জির ঘর আলোর করে রাজকন্যার জন্মের আনন্দে ভাসছে বলিউড। অন্যদিকে, ‘করণ-অর্জুন’ শাহরুখ আর সালমান খানের মহামিলনে খুশির বান এসেছে টিনসেল টাউনে। ‘বিগ বস ৯ ’-এর সেটে একই ফ্রেমে শাহরুখ আর সালমানের ধরা পড়ার খবরে এখন পুরো বলিউড তোলপাড়!
বেশ কিছুদিন ধরেই খবর ছড়িয়েছিল যে, ‘দিলওয়ালে’ ছবির প্রচারণার জন্য সালমানের টিভি শো ‘বিগ বস ৯ ’-এ যোগ দেবেন শাহরুখ। এক মঞ্চে, একই ফ্রেমে দেখা যাবে বলিউডের হারিয়ে যাওয়া সেই ‘করণ-অর্জুন’ জুটিকে! কিন্তু এমন খবর প্রকাশের পরও ‘খান’ ভক্তরা ঠিক বিশ্বাস করতে পারছিলেন না। আদৌ কি টিভি পর্দায় সেই মাহেন্দ্রক্ষণের দেখা মিলবে? একটা সংশয় তাঁদের মনে ছিলই।
অবশেষে সেই সংশয় কেটেছে। সম্প্রতি শাহরুখকে দেখা গেছে সালমানের সঙ্গে, ‘বিগ বস ৯ ’-এর সেটে। সেই কাঙ্ক্ষিত পর্বটি ধারণের জন্য ‘বিগ বস ৯’-এর সেটে এসেছিলেন শাহরুখ। লম্বা সময় ধরে চলে এই বিশেষ পর্বটির দৃশ্যধারণ। শুটিং শেষে দুজনে একসঙ্গে সেট থেকে বেরিয়ে ছবিও তুলেছেন।
শাহরুখ ও সালমান ভক্তদের জন্য নিঃসন্দেহে এটি একটি বিরাট ব্যাপার। কারণ এর আগে লম্বা বিবাদ শেষে এই দুই খান যখন একসঙ্গে হাজির হয়েছিলেন এক ইফতার পার্টিতে, তখনো এ নিয়ে হুল্লোড় কম হয়নি। তা ছাড়া, এরপর বিভিন্ন সময়ই বিভিন্ন পুরস্কারের আয়োজন, অর্পিতার বিয়ে, শাহরুখের জন্মদিন আর বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানে এ দুই খান খানিক সময়ের জন্য এক হয়েছিলেন। দুজনেই দুজনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন অনেক শুভেচ্ছা বার্তা, ডাবসম্যাশ ভিডিও আর ছবি। কিন্তু কোনোবারই তাঁদের বিস্তর কথোপকথন নিয়ে কোনো আয়োজন হয়নি এর আগে। তাই ‘বিগ বস ৯’ হতে যাচ্ছে ‘খান’ ভক্তদের জন্য একটি ভালো সুযোগ। যেখানে সত্যিকার অর্থেই লম্বা সময়ের জন্য দেখা যেতে পারে তাঁদের হৃদ্যতা ও বন্ধুত্বের নতুন গল্প।

‘বিগ বস ৯’ এর এই পর্বটি খুব শিগগিরই ভারতীয় চ্যানেল ‘কালারস’-এ প্রচার হবে। ইন্ডিয়ান এক্সপ্রেস।