দুই তরুণের শুরুটা ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধড়ক ছবিতে ইশান খাট্টার ও জাহ্নবী কাপুর
ধড়ক ছবিতে ইশান খাট্টার ও জাহ্নবী কাপুর

জাহ্নবী কাপুর ও ইশান খাট্টার অভিনীত ‘ধড়ক’ মুক্তি পেল ২০ জুলাই। মুক্তির পরে ভালো ও খারাপ মিলিয়ে নানা মন্তব্য আসে ছবিটি নিয়ে। তবে বলিউডের বক্স অফিস বিশেষজ্ঞদের মতে, দুই তরুণের শুরুটা ভালো হয়েছে।

ধড়ক ছবির মূল প্রাণ জাহ্নবী কাপুর ও ইশান খাট্টার। দুজনই বলিউডের তারকা-সন্তান হওয়ায় ছবিটি নিয়ে প্রত্যাশা ছিল বেশি। বিশেষ করে শ্রীদেবী ও বনি কাপুরের কন্যা জাহ্নবীকে নিয়ে আলোচনায় মুখর ছিল বলিউড। ছবি মুক্তির আগেই শ্রীদেবীর মৃত্যুতে জাহ্নবী চলে আসেন আরও আলোচনায়। জাহ্নবীর মধ্যেই সবাই শ্রীদেবীকে খুঁজে ফেরেন। ফলে প্রত্যাশার পারদ চড়ে উঁচুতে। অন্যদিকে ইরানি পরিচালক মাজিদ মাজিদির হাতে অভিষেক হয় ইশান খাট্টারের। বলিউডের মূল ঘরানার ছবি না হলেও অভিনয়ে নিজেকে চিনিয়েছেন শহীদ কাপুরের ভাই ইশান। মাজিদির ছবির ঠিক পরেই বলিউডের মূল ঘরানার ছবিতে ইশান কেমন অভিনয় করেন, তা নিয়ে আগ্রহ ছিল সবার। ছবিটি ব্যবসাসফল মারাঠি ছবি সাইরাত-এর রিমেক। সবকিছু মিলিয়ে ছবিটি নিয়ে বেশ প্রত্যাশা ছিল ভক্তদের।

কিন্তু ছবি মুক্তির পর খুব একটা উচ্ছ্বাস পাওয়া যায়নি। এতে কেউ কেউ ভেবেছেন, খুব একটা সুবিধা করতে পারেননি দুই তরুণ। কিন্তু এ ব্যাপারকে উড়িয়ে দিয়েছেন বলিউডের বক্স অফিস বিশেষজ্ঞরা। বলিউড বক্স অফিস বিশেষজ্ঞ তরণ আদর্শ টুইটারে লিখেছেন, ‘প্রথম দিনের হিসাবে ধড়ক ভালো করেছে। এই সিনেমার আয় ৮ কোটি ৭১ লাখ রুপি, যা আরেক ছবি স্টুডেন্ট অব দ্য ইয়ারকেও ছাড়িয়ে গেছে। ওই ছবি প্রথম দিন আয় করেছিল ৮ কোটি। অবশ্যই তরুণেরা শুরুটা ভালো করেছে।’

স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবির সঙ্গে তুলনা কেন? অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। তাঁদের জন্য বলা। এই ছবি দিয়েও ধর্ম প্রোডাকশন বলিউডের তিনজন তরুণকে অভিষেক করিয়েছিল। যাঁরা এখন বলিউডে ১০০ কোটি ক্লাবের ছবি উপহার দিচ্ছেন। প্রথমে আসে আলিয়া ভাটের নাম। সর্বশেষ ছবি রাজি দিয়ে মাতিয়ে রেখেছিলেন বলিউডকে। ওই একই ছবিতে ছিলেন বরুণ ধাওয়ান। শেষ ছবি অক্টোবর দিয়ে তো নিজের অভিনয়কে আবারও চেনালেন তিনি। ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। তিনিও বলিউডের উঠতি নায়কদের একজন। সবকিছু মিলিয়ে বক্স অফিস বিশেষজ্ঞদের অভিমত, ইশান ও জাহ্নবীর শুরুটা ভালোই। বলিউড লাইফ