দুই তারকার ঝগড়া
হৃতিকের রোশনের সাবেক স্ত্রী সুজান খানের সঙ্গে অর্জুন রামপালের সম্পর্কটা এখনো আবছা। কেউ বলে, তাঁরা গোপনে প্রেম করছেন। কারও কারও ধারণা, তাঁরা শুধুই ভালো বন্ধু। অনেকে তো হৃতিকের সঙ্গে সুজানের সংসার ভাঙার জন্য দায়ী করেন অর্জুনকে। তবে, এত কিছুর পরেও সুজানের সঙ্গে বন্ধুত্ব ছিল অর্জুন রামপালের স্ত্রী মেহেরের। কিছুদিন আগে এক অনুষ্ঠানে প্রকাশ্যে ঝগড়া করতে দেখা গেছে এ দুই নারীকে।
এক সূত্র জানায়, সুজানের চাচাতো ভাই ও অভিনেতা ফারদিন খানের বাসায় কিছুদিন আগে ছিল এক ঘরোয়া অনুষ্ঠান। সেখানেই কথা-কাটাকাটি শুরু হয় মেহের ও সুজানের। একপর্যায়ে তাঁদের এই কথা-কাটাকাটি রূপ নেয় ঝগড়ায়। তাঁদের থামাতে চেষ্টা করেন ডিজাইনার সুরিলি গোয়েল। কিন্তু সুরিলির কথায় মেহের বা সুজান কেউই কান দেননি। শেষ মেস রাগ করে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান মেহের।
এ নিয়ে অর্জুন রামপাল বলেন, ‘এমন ঘটনার কোনো দরকার ছিল না। তাঁদের দুজনের মধ্যে প্রকাশ্যে যা হলো তা একদম ঠিক হয়নি।’ আনন্দবাজার।