দুই দশক পর গ্যাংস্টার রূপে সঞ্জয় দত্ত

সঞ্জয়ের ভক্তদের জন্য সুখবর! দুই দশক পর গ্যাংস্টার রূপে সঞ্জয় দত্ত ফিরছেন রুপালি পর্দায়। সুভাষ ঘাই পরিচালিত ‘খলনায়ক’ ছবির সিক্যুয়াল ‘খলনায়ক রিটার্নস’ ছবির মাধ্যমে ‘বাল্লু বলরাম’কে দর্শক আবারও দেখতে পাবেন পর্দায়।
দীর্ঘ কয়েক বছর জেলে কাটানোর পর সঞ্জয় দত্ত অভিনয়ে ফিরলেন। ১৯৯৩ সালে সুভাষ ঘাই নির্মাণ করেন অ্যাকশন থ্রিলারধর্মী ছবি ‘খলনায়ক’। এতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত। তাঁর সঙ্গে আরও ছিলেন মাধুরী দীক্ষিত ও জ্যাকি শ্রুফ। এবার তারই সিক্যুয়াল নির্মিত হবে। ছবিটির নাম দেওয়া হয়েছে ‘খলনায়ক রিটার্নস’। এ বছরের শেষ দিকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এতে মূল চরিত্র ‘বাল্লু বলরাম’ চরিত্রেই থাকছেন সঞ্জয় দত্ত।
পরিচালক সুভাষ ঘাই প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, ‘পাণ্ডুলিপি প্রায় শেষের দিকে। এটা শেষ হলেই আমরা অন্য অভিনেতা ও অভিনেত্রী নির্বাচন করব।’ সুভাষ ঘাইয়ের ‘মুক্তা আর্টস’ ও ‘সঞ্জয় দত্ত ফাউন্ডেশন’ যৌথভাবে ছবিটি নির্মাণ করবে।
দ্য টাইমস অব ইন্ডিয়া