দুই দিনে ১১৬ কোটি!
করোনার নতুন ধরন অমিক্রনের প্রকোপের মধ্যেও প্যান ইন্ডিয়া ছবি ‘পুষ্প’ সাড়া ফেলেছে। ছবিটির শুধু হিন্দি অ্যাডিশন তিন দিনে ১২ কোটি রুপি ব্যবসা করেছে। এ ছাড়া অন্য ভাষা এবং দেশ-বিদেশ মিলিয়ে প্রথম দুই দিনে ১১৬ কোটি রুপি আয় করেছে এ ছবি।
দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুন আর রাশমিকা মান্দানা অভিনীত বহু অপেক্ষিত ছবি ‘পুষ্প: দ্য রাইজ’ ১৭ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পেয়েছে। আর ছবিটিকে ঘিরে সিনেমাপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। এত দিন পর্যন্ত হিন্দিভাষী দর্শকেরা দক্ষিণি ছবি শুধু ছোট পর্দায় দেখতে পেতেন। এখন দক্ষিণি রাজ্যের বাইরে সিনেমা হলে বসে দর্শকেরা হিন্দিতে ছবিটি দেখতে পাচ্ছেন।
এই প্যান ইন্ডিয়া ছবিতে আল্লু অর্জুনের দুর্ধর্ষ অ্যাকশনের পাশাপাশি দুরন্ত অভিনয় দর্শকদের মধ্যে সাড়া ফেলে। দক্ষিণি তারকার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। তাই সব মিলিয়ে সিনেমাপ্রেমীদের চাহিদা পূরণ করছে সুকুমার পরিচালিত ছবিটি। আর তারই ঝলক দেখতে পাওয়া যাচ্ছে বক্স অফিসে। ‘পুষ্প’ ছবিটি মুক্তির প্রথম দিন হিন্দিতে তিন কোটি রুপি ব্যবসা করেছিল। এরপর এই ছবির আয় প্রতিদিনই বৃদ্ধি পেয়েছে। গতকাল, অর্থাৎ রোববার ছবিটি বক্স অফিস থেকে পাঁচ কোটি রুপি আয় করেছে।
তবে শুধু হিন্দিতে নয়, বেশ কিছু ভাষায় ছবিটির মুক্তি পেয়েছে। ছবিটি মুক্তির প্রথম দিন দুনিয়াজুড়ে ৭১ কোটি রুপি ব্যবসা করেছিল। আর দ্বিতীয় দিন আয় করেছিল ৪৫ কোটি রুপি। তাই সব মিলিয়ে প্রথম দুই দিনে এই ছবি থেকে ১১৬ কোটি রুপি আয় হয়।
ভারত এবং ভারতের বাইরে ‘পুষ্প’র জয়জয়কারে খুশি ছবির নির্মাতারা। তাই তাঁরা ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে। খবর অনুযায়ী, ‘পুষ্প: দ্য রাইজ’ ছবির সত্ত্ব নির্মাতারা আমাজন প্রাইম ভিডিওকে বিক্রি করেছেন। আর তাই খুব শিগগিরই হয়তোবা ছবিটি আমাজন প্রাইমে দেখা যাবে। তবে আমাজনের পক্ষ থেকে ‘পুষ্প’ ছবির স্ট্রিমিংয়ের দিন ঘোষণা করা হয়নি। তবে খুব সম্ভবত ছবিটি আগামী বছর, অর্থাৎ ২০২২-এর জানুয়ারিতে ওটিটিতে মুক্তি পেতে পারে।
অন্ধ্র প্রদেশের পাহাড়ের লাল চন্দনের ডাকাতির আধারে ‘পুষ্প’ ছবির গল্প বোনা হয়েছে। সুকুমার দ্বারা পরিচালিত এই ছবিতে ‘চন্দন’ ডাকাতদের জীবনের বাস্তব ঘটনাগুলোকে তুলে ধরা হয়েছে। এই ছবিতে অ্যাকশনের পাশাপাশি রোমান্সও আছে। আল্লু অর্জুন স্থানীয় বাসিন্দা ‘পুষ্প রাজ’-এর চরিত্রে অভিনয় করেছেন। এদিকে রাশমিকাকে ‘শ্রীবল্লি’ নামের এক মেয়ের ভূমিকায় দেখা গেছে।
জানা গেছে, ছবির কিছু দৃশ্য নিয়ে দর্শকের একটি অংশ আপত্তি তুলেছিল। আর তাই নির্মাতারা এই দৃশ্য ছবি থেকে সরিয়ে দিয়েছেন বলে জানা গেছে। ‘পুষ্পা’কে পারিবারিক ছবি করে তুলতে নির্মাতারা আরও কিছু সাহসী দৃশ্য এই ছবি থেকে ফেলে দিয়েছেন। তাই আজ, অর্থাৎ সোমবার থেকে নতুন রূপে ‘পুষ্প’ প্রেক্ষাগৃহে গেছে।