দুই বছর পর ইনস্টাগ্রামে ফিরলেন শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনস্টাগ্রামে ফিরে আসার পর শাহরুখের পোস্ট করা ছবি
ইনস্টাগ্রামে ফিরে আসার পর শাহরুখের পোস্ট করা ছবি

ভক্তদের জন্য এ এক সুখবরই বটে! দীর্ঘ দুই বছর পরে আবারও সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে ফিরলেন শাহরুখ খান। বলিউডের তারকা শাহরুখ সম্প্রতি তাঁর একটি ছবি পোস্ট করে ভক্ত-অনুসারীদের জানিয়েছেন ইনস্টাগ্রামে তাঁর এই প্রত্যাবর্তনের খবরটি। এ অভিনেতার ছবির সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বার্তাও আছে পোস্টটিতে। সেখানে শাহরুখ লিখেছেন, ‘ডোন্ট এক্সপ্লেইন ইউরসেলফ টু এনিওয়ান এভার।’ হয়তো কোনো মনোবেদনার বহিঃপ্রকাশের জন্যই তাঁর এই বার্তা— ‘কখনো কারও কাছে নিজেকে ব্যাখ্যা করতে যেয়ো না।’
দুঃখজনক কোনো অভিজ্ঞতা আর বিশেষ কারও কাছ থেকে কষ্ট পাওয়ার বিষয়টির কারণেই যে তাঁর এই পোস্ট; সেটা বুঝতে কারোরই তেমন বেগ পাওয়ার কথা নয়। তা ছাড়া, ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির সঙ্গে শাহরুখের এই বার্তা যার জন্য লেখা, সম্ভবত তিনিও এটা বুঝবেন। আর এই বার্তার একটি সাধারণ অথচ গুরুত্ববহ অর্থও রয়েছে; শাহরুখের ইনস্টাগ্রামের অনুসারীরা সে অর্থ বুঝে সতর্ক হবেন। হয়তো এমনটাই চেয়েছেন বলিউডের এই তারকা অভিনেতা।
ইনস্টাগ্রামের পোস্টে ভক্ত-অনুসারীদের এই দীর্ঘ সময়ের অনুপস্থিতির কারণে তিনি যে তাঁর পাসওয়ার্ডটিও ভুলে গিয়েছিলেন, সে কথাটি জানাতে ভোলেননি শাহরুখ।
সামাজিক যোগাযোগের বেশ কয়েকটি ওয়েবসাইটেই শাহরুখের বিচরণ। কিন্তু মাঝেমধ্যেই কোনো কোনো পোস্টের কারণে আহত বোধ করলে তিনি তাঁর অ্যাকাউন্টটি বন্ধ করে দেন। ইস্পাতকঠিন ব্যক্তিত্বের এই তুখোড় অভিনেতা সম্ভবত এই একটি বিষয়েই কোমল ও অতিমাত্রায় সংবেদনশীল।
এর আগে একবার টুইটার থেকে সরে গিয়েছিলেন শাহরুখ খান। অভিমানভরা এক টুইট প্রকাশের পর তিনি জনপ্রিয় খুদে এই ব্লগসাইট থেকে সরে গিয়েছিলেন। সে সময় ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির শুটিং শেষ করার পর দীপিকা পাডুকোনের এক টুইটের জবাব দেওয়ার মাধ্যমে আবারও টুইটারে ফিরে আসেন জনপ্রিয় এই তারকা অভিনেতা।
পিটিআই। ইন্দো-এশিয়ান নিউজ। মিড-ডে।