দুই রণবীরের তুলনা করলেন দীপিকা

কাকতালীয়ভাবে বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বর্তমান ও সাবেক প্রেমিকের নামের প্রথম অংশ একই। একজন রণবীর সিং, আরেকজন রণবীর কাপুর। সম্প্রতি দুই রণবীরের কাজের ধরনের তুলনা করতে গিয়ে চমকপ্রদ কিছু তথ্য ফাঁস করেছেন দীপিকা।
প্রায় সময়ই বর্তমান ও সাবেক প্রেমিককে ঘিরে ছুড়ে দেওয়া প্রশ্নের মুখে পড়তে হয় দীপিকাকে। তিনি সংকোচ না করে অকপটে সেসব প্রশ্নের জবাবও দেন। গত বছর রণবীর সিং ও রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কের সংজ্ঞা নিয়ে খোলামেলা কথা বলেছিলেন দীপিকা। সম্প্রতি আবারও দুই রণবীরকে নিয়ে কথা বলেছেন তিনি। বর্তমান ও সাবেক প্রেমিকের মধ্যে তুলনা করেছেন তিনি। অবশ্য প্রেম নিয়ে নয়, দুই রণবীরের কাজের ধরনের তুলনা করেছেন তিনি।
ফিল্মফেয়ার ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে সাবেক প্রেমিক রণবীর কাপুরের কাজের ধরনের কথা জানাতে গিয়ে দীপিকা বলেন, ‘অভিনেতা হিসেবে রণবীর কিছুটা চাপা স্বভাবের। আমরা দীর্ঘ সময় নিয়ে একসঙ্গে বসে ছবির চিত্রনাট্য পড়ি। কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়ে শুটিং শুরুর আগে তিনি কীভাবে প্রস্তুতি নেন, তা কখনোই আমার চোখে পড়েনি। তবে সেটের এক কোনায় চুপচাপ বসে থাকতে দেখা যায় তাঁকে। চুপচাপ বসে থাকার পর আবার গল্প জুড়ে দেন তিনি। গল্প করতে করতে ক্যামেরার সামনে দাঁড়াই আমরা। কোনো ভুলভাল ছাড়াই শট ওকে হয়ে যায়।’
অন্যদিকে বর্তমান প্রেমিক রণবীর সিংয়ের কাজের ধরনের কথা জানাতে গিয়ে দীপিকা বলেন, ‘আমি রণবীরের অভিনয় প্রস্তুতি মনোযোগ দিয়ে দেখি। গান ছাড়া সে থাকতেই পারে না। অসংখ্য গান আছে তার সংগ্রহে। অভিনয়ের প্রস্তুতি হিসেবে সে ছবির দৃশ্যের সঙ্গে মিল রেখে গান শোনে। যেমন রোমান্টিক দৃশ্যে অভিনয়ের আগে রোমান্টিক গান শোনে সে। নিজের ভ্যানিটি ভ্যান থেকে শুরু করে ছবির সেটের যেখানেই সে যায়, তার সঙ্গে গান বাজতে থাকে।’
আরও পড়ুন:
দীপিকার দুই চোখে দুই রণবীর!