দুই রণবীরের সঙ্গে টেক্কা দিলেন অমিতাভ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোনাম দেখে পাঠক ভাবতেই পারেন, কোথায় অমিতাভ বচ্চন আর কোথায় রণবীর সিং-রণবীর কাপুর। অমিতাভ হলেন ‘বলিউডের শাহেনশাহ’, আর রণবীর সিং ও রণবীর কাপুর তরুণ প্রজন্মের আলোচিত দুই নায়ক। বর্তমান সময়ের বিচারে শীর্ষ তিন তারকার মধ্যে নেই তাঁদের নাম। তাহলে অমিতাভের কি মাথা খারাপ হয়েছে যে, এই হাঁটুর বয়সী নায়কদের সঙ্গে টেক্কা দেবেন? কিন্তু ‘বিগ বি’র ভক্তরা তো জানেন, বয়স তাঁর জন্য একটা সংখ্যা মাত্র। মনের দিক থেকে তিনি রণবীরদের থেকে কম তরুণ নন!

এ ছবিটি পোস্ট করে রণবীর সিংকে ‘টেক্কা’ দিতে চেয়েছিলেন অমিতাভ
এ ছবিটি পোস্ট করে রণবীর সিংকে ‘টেক্কা’ দিতে চেয়েছিলেন অমিতাভ

‘বাজিরাও মাস্তানি’ ছবির তারকা রণবীর সিংয়ের উদ্ভট পোশাকের কথা সবাই জানেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি তাঁর অদ্ভুত ফ্যাশনের নমুনা রাখতে ভালোবাসেন। তাঁর সবকিছুই যেন একটু বেশি বেশি প্রকাশ পায়। সম্প্রতি অমিতাভ ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে নিজের অতিরিক্ত এডিট করা একটি ছবি প্রকাশ করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এইটা বাড়াবাড়ির সর্বোচ্চ সীমা। আমি এখন রণবীর সিংয়ের সঙ্গে টেক্কা দিতে প্রস্তুত।’ রণবীর এই অভিনেতার মন্তব্যের জবাবে লিখেছেন, ‘হাহাহাহা...কোনো প্রতিযোগিতা হবে না। আপনার কথা স্বীকার করে নিলাম।’

এ ছাড়া বলিউডের আরেক রণবীরের সঙ্গেও যেন তারুণ্যের টেক্কা দিয়ে চলেছেন অমিতাভ। রণবীর কাপুরের বয়স ৩৫ বছর আর অমিতাভের ৭৫। তাঁরা দুজন এবারই প্রথম একসঙ্গে কোনো ছবিতে অভিনয় করছেন। ‘ব্রহ্মাস্ত্র’ নামের সেই ছবির পরিচালক অয়ন মুখার্জি। সম্প্রতি দুই শিল্পী রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে ছবির কাজ শুরু করেন অমিতাভ। আর আলোচনার ফাঁকে তুলেছেন কয়েকটি সেলফি। প্রতিটি সেলফির মধ্যমণি অমিতাভ। আর সেলফিতে এই প্রবীণ তারকার অঙ্গভঙ্গিগুলো ছিল খুব মজার। একটি ছবির ক্যাপশনে অমিতাভ লিখেছেন, ‘আমরা ‘‘ব্রহ্মাস্ত্র’’ ছবির প্রস্তুতি নিচ্ছি। সবাই না আসলে। বলতে হবে আমি বাদে সবাই। আমি দাঁত মাজার প্রস্তুতি নিচ্ছি।’

‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেটে অয়ন মুখার্জি, আলিয়া ভাট ও রণবীর কাপুরের সঙ্গে অমিতাভ
‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেটে অয়ন মুখার্জি, আলিয়া ভাট ও রণবীর কাপুরের সঙ্গে অমিতাভ

অমিতাভ বচ্চন ইন্টারনেট তথা সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই বেশ সরব। ব্যক্তিগত ব্লগে নিয়মিত লেখালেখি করেন। টুইটারে নিজের সব কাজের খবর আর পরিবারের অনেক কথা শেয়ার করেন। ইদানীং ইনস্টাগ্রামের মজায় পেয়েছে তাঁকে। তবে মাসখানেক আগে তিনি টুইটার ছেড়ে দেওয়ার হুমকি দেন। টুইটার অমিতাভের অ্যাকাউন্ট থেকে প্রায় ২ লাখ অনুসারীকে বাদ দিয়ে দেয়। তখন টুইটারে ভুয়া ব্যবহারকারী নিধনের অভিযানে নেমেছিল মার্কিন প্রশাসন। অনুসারী খুইয়ে ক্ষুব্ধ অমিতাভ তখন টুইট করেছিলেন, ‘টুইটার!!?? তুমি আমার অনুসারী কেড়ে নিয়েছ। মজা করলাম। কিন্তু এবার তোমায় ছেড়ে দেওয়ার সময় এসেছে টুইটার। সমুদ্রে আরও অনেক মাছ আছে। আর অন্য মাছগুলোও বেশ মজার।’

তখনই টুইটারের থেকে অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি ঝুঁকে পড়েন অমিতাভ। অনুসারীর সংখ্যা ধরতে গেলে বলিউড তারকাদের মধ্যে টুইটারে সবচেয়ে এগিয়ে ছিলেন শাহরুখ খান। তাঁর থেকে অল্প দূরত্বে ছিল অমিতাভের অবস্থান।

একই দলের সঙ্গে অমিতাভের আরেকটি মজার সেলফি
একই দলের সঙ্গে অমিতাভের আরেকটি মজার সেলফি