দুই রূপে দেব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিরোগিরি ছবিতে কোয়েল মল্লিক ও দেব
হিরোগিরি ছবিতে কোয়েল মল্লিক ও দেব

পর্দাতেও দুটো রূপে, আবার বাস্তবে। দেবের কাছে এখন দ্বৈত পরিচয় একেবারে দুধভাত হয়ে গেছে। সবকিছুই তিনি সহজভাবে নিতে শিখে গেছেন। শুধু ছবি মুক্তির আগের রাতের ভয়টাই এখনো কাটিয়ে উঠতে পারেননি। তাঁর কাছে এখনো পরীক্ষার আগের রাতের মতোই ভয়ংকর মনে হয়। গত বৃহস্পতিবার তেমন একটি রাত কাটালেন দেব। জানালেন, পার্লামেন্টে দাঁড়িয়ে কড়া কড়া কথা বলতে এত ভয় লাগে না তাঁর, যতটা ভয় তাঁর হয় ছবি মুক্তির আগের রাতে। হিরোগিরি ছবি মুক্তির পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে ফেলেত এমন আরও কিছু কথা জানালেন দেব।
শুক্রবারে মুক্তি পেয়েছে দেব অভিনীত ছবি হিরোগিরি। দেবের বিপরীতে অভিনয় করেছেন কোয়েল মল্লিক আর সায়ন্তিকা। সঙ্গে আছেন মিঠুন চক্রবর্তী। এরই মধ্যে ছবিটি হাসি ফুটিয়েছে কলকাতার চলচ্চিত্র বণিকদের মুখে। খুশি দেবও। তিনি বলেন, ‘ছবি মুক্তির আগে যতটা নার্ভাস ছিলাম, এখন ততটাই আনন্দিত। আসলে ছবি মুক্তির আগেই যদি বেশি আত্মবিশ্বাসী হয়ে যাই, তাহলে বড় দুর্ঘটনার আশঙ্কা থাকে।’
হিরোগিরি ছবির মতো বাস্তব জীবনেও দেবের দ্বৈত চরিত্র। ছবিতে তিনি দুজন নায়িকার সঙ্গে অভিনয় করেছেন আর বাস্তবে তিনি একদিকে নায়ক অন্যদিকে লোকসভার সদস্য। দেব বলেন, ‘১০ মাস হলো লোকসভার সদস্য হয়েছি। শুরুতে একটু চাপ অনুভব করেছি, এখন অনেকটা নিজেকে গুছিয়ে নিয়েছি। নায়ক দেব ও রাজনীতিবিদ দেব দুজনই এখন দুটি ভিন্ন সত্তা। আমার এলাকা ঘাটালের মানুষ এখনো দেবের ছবি এলে তাকে হলে দেখতে যায়। আবার লোকসভার সদস্য দেব যখন ঘাটালে যায়, তখন সেখানকার মানুষ তাকে ঘরের ছেলে হিসেবেই গ্রহণ করে।’
দেব জানালেন, রাজনীতি তাঁর দেখার দৃষ্টিভঙ্গিকে বদলে দিয়েছে অনেক। বললেন, ‘আমি রাজনীতিকে অবসরের পরিকল্পনা হিসেবে নিতে চাইনি। তরুণ বয়সে নিজের উদ্যমকে আমি ঢেলে দিতে চাই রাজনীতিতে। ৪০ পেরিয়ে গেলে ডায়াবেটিস আর রক্তচাপ সমস্যা নিয়ে চিন্তায় থাকব। তখন রাজনীতিকে সময় দেব কী করে?’
তাই রাজনীতি আর অভিনয়কে সমানতালে সামলে দুই পথ ধরেই এগিয়ে যেতে চান সামনে। কোনো পথে যদি পিছলে পড়েন? তাতে কী? এখনো দেব তরুণ। নিজেকে সামলে নেওয়ার এই তো বয়স। হিরোগিরির এই তো সময়।
কলকাতার পত্রিকা অবলম্বনে