দুই সঞ্জু একসঙ্গে

সঞ্জয় দত্তকে দিয়ে রাজকুমার হিরানির চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু হয়েছিল। তাঁকে নিয়ে পরপর দুই ছবিই হিরানির পরিচালক হওয়ার পথ খুলে দেয়। সঞ্জয় দত্তের জীবনীভিত্তিক ছবি বানিয়ে শিগগিরই তাঁকে নিয়ে আসছেন রুপালি পর্দায়। এবার শোনা গেল, ছবি মুক্তির আগে প্রচারণার একটি ভিডিওতে পর্দার সঞ্জু ও বাস্তবের সঞ্জুকে দেখা যাবে একসঙ্গে।
সঞ্জয় দত্তের জীবনী নিয়ে ছবিটি। তার ওপর থ্রি ইডিয়টস ও পিকে—খ্যাত নির্মাতা এই ছবির পরিচালক। রণবীর কাপুরকে ছবিতে সঞ্জয় রূপে দেখা যাবে। সব মিলিয়ে বলিউড দর্শকদের জন্য এটি বছরের আগ্রহের ছবিগুলোর একটি হবে, এ সত্য। ছবির নাম এখনো প্রকাশ করেননি হিরানি। এরই মাঝে ছবির দল প্রচারের কাজে নেমে পড়েছে। প্রচারের অংশ হিসেবে করা হবে একটি ভিডিও। সেখানে সঞ্জয় দত্ত ও রণবীর কাপুরকে কথা বলতে দেখা যাবে। ক্যান্ডিড ধারার ভিডিও হবে এটি। দেখা যাবে সঞ্জয় দত্তকে কী নিয়ে যেন প্রশ্ন করছেন রণবীর কাপুর।
আগামী ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মুম্বাইতে ভিডিওটি শুট করার পরিকল্পনা, জানিয়েছেন পরিচালক। ছবির শুটিংও প্রায় শেষের দিকে। এ বছরের ২৯ জুন মুক্তি পাবে ছবিটি। সূত্র: বলিউড হাঙ্গামা
