দুই সহোদরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লতা মুঙ্গেশকর ও আশা ভোঁসলে
লতা মুঙ্গেশকর ও আশা ভোঁসলে

লতা মঙ্গেশকর-আশা ভোঁসলে-গানের জগতের কিংবদন্তি এই দুই বোনেরই জন্মদিন এই সেপ্টেম্বর মাসে। হিন্দি ছায়াছবির জগত জয় করা এই দুই সহোদরার গাওয়া বাংলা গানগুলোও অনবদ্য। আসুন, দুই কিস্তিতে জেনে নিই তাঁদের জীবনের টু​িকটাকি। আজ দ্বিতীয় কিস্তি
একের পর এক ক্যাবারে, ক্লাব-সংগীত, মুজরা, কাওয়ালি আশা ভোঁসলেকে সাফল্য এনে দেয়। তবে এসব হালকা মেজাজের ‘আবেদনময়’ গানের জন্য তাঁর ‘সিরিয়াস’ গানগুলো সেভাবে কখনো আলোচনায় আসেনি।
অন্যদিকে তাড়াতাড়ি সাফল্য পেয়ে যাওয়ার পর লতা খুব বেছে বেছে কাজ করা শুরু করেন। গান বাছাইয়ের ক্ষেত্রে তিনি সুরকার, সুর ও কথাকে প্রাধান্য দিতেন। একই সঙ্গে তিনি নতুন কারও গান গাওয়ার সাহসও রাখতেন। লক্ষ্মীকান্ত-পেয়ারেলাল, কল্যাণ-আনন্দ, রাম লক্ষ্মণ ও উত্তম সিংদের সুরকার-জীবনের শুরুর দিকে লতা মঙ্গেশকর তাঁদের সুরে গান গেয়েছেন। চলচ্চিত্র জগতের বড় বড় মানুষ-যেমন সি রামচন্দ্র, শচীনদেব বর্মণ, মোহাম্মদ রাফি কিংবা রাজ কাপুরের সঙ্গে দ্বিমত করতে লতা কখনোই কুণ্ঠাবোধ করেননি। প্রায় প্রতি ক্ষেত্রেই তিনি বিজয়ী হয়েছেন, তাঁর আত্মবিশ্বাস ছিল এমনই! পুরুষকেন্দ্রিক চলচ্চিত্র জগতে তিনি ছিলেন মুকুটহীন সম্রাজ্ঞী। এর ফলে তাঁকে মূল্যও দিতে হয়েছেন অনেক, গুজব কখনো তাঁর পিছু ছাড়েনি।
আগে থেকেই আত্মকেন্দ্রিক লতা এর ফলে আরও বেশি চাপা স্বভাবের হয়ে পড়েন। কম কথা বলতেন। কম বন্ধু নিয়েই চলতে থাকেন পথ।
গানের গাওয়ার সময় লতা মঙ্গেশকর যেখানে অনেক যাচাই-বাছাই করতেন, তাঁর বোন আশা ভোঁসলের তেমন কোনো সুযোগ ছিল না। প্রথমদিকে প্রতিষ্ঠা পেতে তাঁকে অনেক কষ্ট করতে হয়েছিল। যখন যা হাতের কাছে পেয়েছিলেন, তা-ই তাঁকে গাইতে হয়েছিল।
কিন্তু পরেও যখন তাঁর যাচাই-বাছাই করার অবস্থান হয়েছিল, তখনো এমন অনেক গান তিনি গেয়েছিলেন, যেগুলো তিনি না গাইলেই পারতেন। তিনি অনেক বেশি খোলামেলা কথা বলতে পছন্দ করেন। যেকোনো সাক্ষাৎকারেই তিনি তাঁর একান্ত নিজের কথাগুলো সরাসরি বলে ফেলেন, তারকা হিসেবে অনেকে যা কখনোই বলবেন না। সংগীতজীবনে সাফল্য পেতে তাঁকে সবসময়ই ও পি নায়ার, শচীনদেব বর্মণ, রাহুল দেব বর্মণ বা খায়ামের মতো পরীক্ষিত সুরকারদের ওপর নির্ভর করতে হয়েছে। বিশেষ করে রাহুল দেব বর্মণের (পঞ্চম) সঙ্গে কাজ করার পর তাঁর অনেকগুলো গান জনপ্রিয় হয়। পরে আশা ও পঞ্চম বিয়েও করেন।

সত্তরের দশকের মাঝামাঝিতে লতা অনেকটাই নিষ্প্রভ হয়ে পড়েছিলেন। এ সময়টায় সুরকাররা অনেক বেশি ব্যবসায়ী দিক মাথায় রেখে গানে সুর দিতে শুরু করলেন, লতার সাংগীতিক প্রতিভা গানের এই নতুন ট্রেন্ডের সঙ্গে খাপ খাইয়ে নিতে সময় নিচ্ছিল। অন্যদিকে আশা ভোঁসলে তখন খুব ভালো করছিলেন। ‘উমরাও জান’, ‘মেরাজ-এ-গজল’ ও ‘ইজাজত’-এর মতো অ্যালবামে তিনি প্রমাণ করে দিলেন যে ‘সিরিয়াস’ গানও সমান দক্ষতায় তিনি গাইতে পারেন।
কিশোর কুমার যেমন সত্তরের দশকে সংগীতে মোহাম্মদ রাফির শীর্ষ স্থান দখল করে নিয়েছিলেন, আশারও তেমনি এ সময়ে লতার স্থান নিয়ে নেওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু কিছুদিন পরই ‘শরাবি’, ‘হিম্মতওয়ালা’ ও ‘মাওয়ালি’ সিনেমাগুলোতে আশাকে আবার সেসব ধরনের গানই আবার গাইতে হয়, যেগুলো এতদিন ধরে তিনি গেয়ে এসেছিলেন। 
এরপর লতাও একসময় শুধু শৈল্পিক নয়, ব্যবসায়িকভাবে লাভজনক গান উপহার দেওয়া শুরু করেন। ‘এক দুজেকে লিয়ে’, ‘বেতাব’, ‘রাম তেরি গঙ্গা মাইলি’, ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ এবং ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমাগুলোতে তাঁর গান ব্যাপক জনপ্রিয় হয়।
নব্বই দশকের মধ্যভাগে আশা আবারও ফিরে আসেন। তাঁর ‘জানেমন সামঝা করো’, ‘কাভি তো নজর মিলাও’-এর মতো অ্যালবাম, ‘কায়ামত ইশক’ ও ‘খালাস’-এর মতো সাহসী আইটেম নম্বর জনপ্রিয় হয়।
এখন পর্যন্ত লতা প্রায় সাড়ে সাত হাজার গান করেছেন, আশা গেয়েছেন প্রায় দশ হাজার গান। ভারতীয় চলচ্চিত্রের গানের জীবন্ত দুই কিংবদন্তীর মধ্যে মাঝেমধ্যেই বিভিন্ন বিদ্বেষের কথা পত্র-পত্রিকায় বের হতো একসময়। তবে সেগুলো এখন অতীত। ‘লতা ইন হার ওউন ভয়েজ’ নামক এক তথ্যচিত্রে লতা মঙ্গেশকর স্বয়ং তাঁর বোন সম্পর্কে বলেছেন, ‘সমসাময়িক সংগীতশিল্পীদের মধ্যে কেবল আশাই বহু ধরনের গান অনায়াসে গাইতে পারেন।’ কিছুদিন আগে আশার জন্মদিনে টুইটারে তাঁকে শুভেচ্ছাও জানিয়েছিলেন লতা। আর আশা ভোঁসলে প্রত্যুত্তরে টুইট করেন, ‘দিদির আশীর্বাদ সবসময় আমার সঙ্গে রয়েছে। তাঁর সমর্থন ও সহায়তা আমার কাছে অমূল্য।’