দুটি কলার দাম এত!

দুটি মাত্র কলা। হ্যাঁ, কলা যে শরীরের জন্য কত উপকারী, তা কমবেশি সবাই জানে। কিন্তু দুটি কলার জন্য সর্বোচ্চ কত খরচ করতে রাজি আপনি? দুটি কলার দাম ৪৪২ রুপি ৫০ পয়সা। না, কোনো দামি ধাতুর তৈরি কলা না, আন্দামান দ্বীপপুঞ্জের কোনো বিশেষ ক্ষমতাসম্পন্ন কলাও নয়। একেবারে সাধারণ কলা। এই কলা দুটি অর্ডার করেন বলিউড তারকা রাহুল বোস। তিনি গিয়েছিলেন একটা হোটেলে, জিমে। হঠাৎ মনে পড়ল, ছোটবেলায় শিখেছিলেন, ফল নাকি স্বাস্থ্যের জন্য ভালো।
তাই কী মনে করে অর্ডার করেন দুটি কলা। তারপর সেই কলার বিল দেখে তো চক্ষু চড়কগাছ। হাতে তুলে নেন ফোন। ৩৮ সেকেন্ডের সেই ভিডিওতে হোটেলের ঘর দেখিয়ে, ফুল দেখিয়ে, গাছ দেখিয়ে ক্যামেরা স্থির করলেন দুটি কলার ওপর। আর তারপর বিলের কাগজের ওপর। এই দুটি কলাকে উল্লেখ করা হয়েছে ‘ফ্রুট প্লেটার’ নামে। অর্থাৎ থালা ভর্তি ফল। সেখানে দুটি কলার দাম লেখা ৪৪২ রুপি ৫০ পয়সা মাত্র! এই বিলের সঙ্গে অবশ্য জিএসটি (গুডস অ্যান্ড সার্ভিস চার্জ) যুক্ত।
বলিউড, ঢালিউড ও বাংলাদেশের ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিতে অভিনয় করা রাহুল বোস টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘বিশ্বাস করার জন্য আপনাকে ভিডিওটি দেখতে হবে। কে বলেছে অস্তিত্বের জন্য ফল ক্ষতিকর নয়?’ এই ভিডিওটি প্রায় দেড় লাখবার দেখা হয়েছে। আর চার হাজার অনুসারী সেখানে মন্তব্য করেছেন।
টুইটারে অনেকেই রাহুল বোসের সঙ্গে এই বিষয়ে একমত। একজন লিখেছেন, ‘একি সোনায় মোড়া কলা নাকি?’ অন্য একজন আবার এই ঘটনাকে দিনে দুপুরে ডাকাতির সঙ্গে তুলনা করেছেন। একজন লিখেছেন, ‘তাদের বিলিং সফটওয়্যারে আসলে দুটি কলা বলে কিছু নেই। তাই ফ্রুট প্লেটার নামে এক প্লেট ফলের দাম রাখছে।’ আরেকজন এর উত্তরে লিখেছেন, ‘ফ্রি-ও তো দিতে পারত!’
একজন লিখেছেন, ‘তাও ভালো, জিমে গিয়ে নিম বা তুলসীর জুস অর্ডার করেনি। তাহলে দেখা যেত, পুরো ককটেলের বিল ধরিয়ে দিয়েছে।’ আরেকটি মন্তব্যে বলা হয়েছে, ‘ফাইভ স্টার হোটেলে দুটি কলা খেয়ে ৪৫০ রুপি দিতে হচ্ছে। অথচ যে কৃষক এটি উৎপন্ন করেছেন, তিনি হয়তো ৫ রুপিও পান না।’
ইতিমধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেট মাধ্যমে। আর রাহুল বোসের মতো একই অবস্থায় পড়েছেন যাঁরা, তাঁরাও সমানে ‘হ্যাশট্যাগ রাহুল বোস মোমেন্ট’ লিখে শেয়ার করেছেন নিজেদের অভিজ্ঞতা।