দেখা হলো লন্ডনে

তারকাদের প্রেম নিয়ে লুকোচুরি আলোচনা–সমালোচনা টুকটাক হয়। কিন্তু ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মার প্রেম নিয়ে আলোচনা রীতিমতো রেকর্ড গড়ার দাবি রাখে। কখনো তাঁদের প্রেম নিয়ে আলোচনা হয়, কখনো বা আলোচনায় উঠে আসে তাঁদের ছাড়াছাড়ি।
মাঝে শোনা গেল, বিরাট কোহলির সঙ্গে আনুশকার সম্পর্কে চিড় ধরেছে। কিন্তু সর্বশেষ একসঙ্গে ফ্রেমবন্দী হওয়া ছবিটি দেখলে কারও বুঝতে বাকি থাকবে না, চুটিয়ে চলছে কোহলি-আনুশকার প্রেমের কাহিনি।
ঘটনা ঘটেছে মহারানির শহর লন্ডনে। সম্প্রতি লন্ডনে বেরসিক আলোকচিত্রীর গোপন ক্যামেরায় বন্দী হলেন এই জুটি। সেই ছবি এখন ওয়েব দুনিয়ায় আলোচনায়। ছবিটি দেখে পরিষ্কার বোঝা যায়, শপিং সেরে লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন দুজন। পোশাকে দারুণ মিল। সূত্রের খবর, আপাতত বিদেশে ছুটি কাটাচ্ছেন ক্রিকেটার, নায়িকা। অন্তত এ ছবিটি প্রমাণ দিচ্ছে, এই জুটির সম্পর্কে কোনো চিড় ধরেনি।
সূত্র : বলিউডলাইফ