দেশি পার্টিতে যান না নওয়াজুদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওয়াজুদ্দিন সিদ্দিকী
নওয়াজুদ্দিন সিদ্দিকী

‘সারফারোশ’ ছবিতে মাত্র ৪০ সেকেন্ডের চরিত্রে অভিনয় করে নাকি নওয়াজ ‘জাদু’ দেখিয়েছেন! নওয়াজুদ্দিন সিদ্দিকীর এমন প্রশংসাই করেছেন বলিউড তারকা আমির খান। সালমান খান আর শাহরুখ খানের সঙ্গে খুব ভালো সম্পর্ক নওয়াজুদ্দিনের। তাঁরাও এই অভিনেতার অভিনয়-দক্ষতায় মুগ্ধ। আমিরের সঙ্গে ‘সারফারোশ’, ‘তালাশ’; সাল্লুর সঙ্গে ‘কিক’, ‘বজরঙ্গি ভাইজান’ আর শাহরুখের সঙ্গে ‘রইস’ ছবিতে অভিনয় করে এ প্রশংসা আর বন্ধুত্ব অর্জন করেছেন নওয়াজুদ্দিন। অপর দিকে নওয়াজও খানদের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু খানেরা কোনো পার্টিতে নিমন্ত্রণ করলে সেখানে হাজির হতে নারাজ তিনি। শুধু ‘খান’-দের পার্টিই নয়, মোট কথা বলিউডি কোনো পার্টিতেই যেতে অস্বস্তিবোধ করেন নওয়াজ। 

নওয়াজুদ্দিন বলেন, ‘সানড্যান্স, বার্লিন এবং কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটলেও আমি এখনো দেশি পার্টিগুলোতে যেতে অস্বস্তিবোধ করি। আমি “না” করে দেব দেখে তাই এখন আমার ধারণা প্রত্যেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছেন আমাকে নিমন্ত্রণ না করার।’ তিনি জানালেন, আগে তাঁকে নিমন্ত্রণ করা হলেও এখন আর কোনো বলিউডি পার্টির নিমন্ত্রণ তাঁর কাছে আসে না। এ জন্য নিজের অস্বস্তিকেই দায়ী করলেন তিনি। তবে এ নিয়ে কাছের বন্ধুদের সঙ্গে কিংবা অন্য কারও সঙ্গে মনোমালিন্য নেই তাঁর। বলিউড লাইফ।