দেড় বছরে ওজন কমেছে ১৮ কেজি!

২০১৩ সালের ডিসেম্বরে ছুটি কাটাতে জেল থেকে বেরিয়েছিলেন তিনি। সে সময় স্বাস্থ্য বেশ ভালোই ছিল। তবে এবার যখন সঞ্জয় দত্ত জেল থেকে বেরোলেন, তখন তাঁকে দেখে অনেকের চোখই ছানাবড়া। দেহগড়ন একেবার হৃতিক আর সালমানের কাছাকাছি পৌঁছে গেছে তাঁর। কেমন করে ঘটল এসব? জানতে চাইলে সাংবাদিকদের সঞ্জয় জানান, দেড় বছরে ১৮ কেজি ওজন কমিয়েছেন তিনি। তাঁর নাকি এখন শাহরুখের মতো এইট প্যাক অ্যাবসও হয়েছে!
১৪ দিনের সাময়িক ছুটিতে জেল থেকে গত বুধবার বাড়ি ফিরেছেন সঞ্জয়। ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয় তাঁর। পুনের ইয়েরওয়াড়া কেন্দ্রীয় কারাগারে সেই সাজাই ভোগ করছেন তিনি। ২০১৩ সালের মে মাস থেকে সঞ্জয়ের কারাভোগ শুরু হয়। মাঝে তিন দফা ছুটি কাটাতে জেল থেকে বেরিয়েছিলেন এ অভিনেতা। সব মিলিয়ে কারাবাসের সময়ে ১১৮ দিন তিনি ছিলেন ছুটিতে। এবারের ছুটির সময়টা তিনি কাটাবেন তাঁর স্ত্রী ও সন্তানদের সঙ্গে। তা ছাড়া গতকাল বৃহস্পতিবার পরিবার ও বন্ধুদের নিয়ে দেখেন পিকে ছবিটি। সে সময় পিকের পুরো দল ছিল সঞ্জয়ের সঙ্গে।