দ্বিতীয়বার প্রেম করা মালাইকার অধিকার!

প্রেম মানে না আইন। তবে প্রেম আর আইনের মধ্যে কিন্তু দারুণ একটা মিল আছে। প্রেম আর আইন দুটি বিষয়ই ‘অন্ধ’। তাই তো মালাইকা আরোরা চোখ বন্ধ করে হৃদয় দিলেন ১১ বছরের ছোট অর্জুন কাপুরকে। আর সাবেক স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর এবার তো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রেমিকের জন্মদিন উদ্যাপন করলেন।
অবশেষে দুজনই স্বীকার করেছেন একেজনের প্রতি আরেজনের ভালোবাসার কথা। একজন আরেকজনকে জন্মদিনের শুভেচ্ছা জানানো থেকে শুরু করে পরিবারের সঙ্গে সময় কাটানো, পার্টি করা, ডিনার ডেটে যাওয়া—সবই চলছে সমান তালে। আরবাজ খানের সঙ্গে ১৯ বছরের দাম্পত্য সম্পর্কে দাঁড়ি টেনে মুখ খুলে কথা বলেছেন প্রেমিক অর্জুনকে ভালোবাসার বিষয়ে। বলেছেন, প্রায় দুই যুগের সম্পর্কে আরবাজ খানের সঙ্গে যে প্রেম হয়ে ওঠেনি, তা নাকি খুঁজে পেয়েছেন অর্জুন কাপুরের কাছে।

যদিও বলেছেন, অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের বিষয়টি মেনে নেওয়া তাঁর নিজের জন্য সহজ ছিল না। ‘প্রেম’ যেখানে ভারতীয় নারীদের জন্য ‘ট্যাবু’, সেখানে মালাইকা আরোরা উপদেশ দিয়েছেন, একজন নারী যদি প্রথমবার ভুল করে, কাঙ্ক্ষিত প্রেম না পায়, তাহলে দ্বিতীয়বার সুযোগ পাওয়া তার অধিকার। অর্থাৎ মালাইকা আরোরা বলতে চাইছেন, প্রেমে পড়ে বা বিয়ে করে কোনো নারীর যদি মনে হয় যে তিনি ভুল করেছেন, তাহলে তিনি কাঙ্ক্ষিত প্রেমের জন্য প্রেমসাগরে দ্বিতীয়বার ঝাঁপিয়ে পড়তে যেন কুণ্ঠিতবোধ না করেন। মালাইকার ভাষায়, এটা তাঁর অধিকার!
ফিল্ম ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, ‘প্রেম একটা ট্যাবু, কারণ এখনো আমাদের দেশে প্রেম করার জন্য নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে হয়। যেন প্রেম করা একটা অপরাধ। কিন্তু এই বিষয়গুলোকে মুক্ত মন দিয়ে গ্রহণ করতে হবে। আরেকটু সংবেদনশীল হওয়া উচিত এ বিষয়ে। প্রেম নিয়ে এত নেতিবাচকতার কিছু নেই। প্রেমের গ্রহণযোগ্যতা অত্যন্ত জরুরি। আমি সব সময় দ্বিতীয় সুযোগের কথা বলি। আমার মনে হয় প্রত্যেকের দ্বিতীয়বার সুযোগ পাওয়ার অধিকার আছে।’

তাঁদের প্রেম নিয়ে মিডিয়ার এত আলোচনা, চর্চাকেও ইতিবাচকভাবেই দেখছেন মালাইকা। তিনি মনে করেন, প্রথম দিকে তাঁর একটু অস্বস্তি হলেও এখন বেশ মানিয়ে নিয়েছেন। মালাইকা আরোরা ও অর্জুন কাপুরকে সর্বশেষ দেখা গেছে করণ জোহরের শনিবার রাতের পার্টিতে। সেখানে মালাইকার পাশেই ছিলেন অর্জুন।
তবে অর্জুনকে এবার দেখা গেছে ক্যাপ ছাড়া। প্রায় নয় মাস তিনি ক্যাপ পরেছেন। কারণ, ‘পানিপথ’ ছবির জন্য তাঁকে মাথার সব চুল কামিয়ে ফেলতে হয়েছিল। আবার হাতে নতুন ট্যাটুও এঁকেছেন। সেখানে ল্যাটিন ভাষায় লেখা, ‘দুর্দশার ভেতর দিয়েই মানুষ লক্ষ্যে পৌঁছায়’।