ধর্মেন্দ্র কখনো এ পুরস্কার পাননি

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নিয়ে বেশ হইচই চলছে এখন। বাজিরাও মাস্তানি যে বাজিমাত করে দিয়েছে, সে কথা আমরা বলেছি এরই মধ্যে। ‘টাইমস অব ইন্ডিয়া’ দীর্ঘকালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বিষয়ে এক ছোটখাটো গবেষণাই করে ফেলেছে। তারা এরই মধ্যে জানিয়ে দিয়েছে বক্স অফিস ফাটিয়ে দিয়ে এবং দর্শক মনে স্থায়ী আসন পেয়েও অনেক তারকা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাননি। এই তালিকায় থাকা একটি নাম হলো ধর্মেন্দ্র।
এ কথা সবাই জানেন, ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘সিতা আওর গীতা’সহ অসংখ্য বক্স অফিস ভাঙা ছবিতে অভিনয় করে দর্শক মন জয় করে নিয়েছেন ধর্মেন্দ্র। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মনোনয়নও পেয়েছেন কয়েকবার, কিন্তু কেন যে তাঁর ভাগ্যে ফিল্মফেয়ারের শিঁকে ছিঁড়ল না, তার উত্তর কে দেবে?
যখন সব আশার গুড়ে বালি, তখনই কেবল ১৯৯৭ সালে ধর্মেন্দ্র পেলেন ফিল্মফেয়ারের আজীবন সম্মাননা। অনেকেরই মনে পড়বে পুরস্কার নিতে উঠে মাইক্রোফোনের সামনে ধর্মেন্দ্র কী বলেছিলেন। মনে করিয়ে দিচ্ছি, ট্রফিটি হাতে নিয়ে তিনি বলেছিলেন, ‘৩৭ বছর ধরে আমি এই ট্রফির জন্য অপেক্ষা করেছি, কিন্তু সব সময় তা আমার অধরাই থেকে গেছে। ট্রফিটি হাতে নেব বলে প্রতি বছর আমি একটি করে নতুন স্যুট বানিয়েছি, স্যুটের সঙ্গে মানানসই টাই কিনেছি...কিন্তু এভাবকয়েক বছরবছর চলার পর আমি ক্ষান্ত দিয়েছি। তখন আমি ঠিক করেছি, এবার থেকে আমি টি-শার্ট আর শর্টস পরেই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে আসব...ইয়া কাছা পাহেনকে চালা জাওঙ্গা (শুধু আন্ডারওয়্যার পরেই চলে আসব)। ফিল্মফেয়ার আমাকে এই ট্রফি দিয়ে আগে না পাওয়া ট্রফিগুলোর দুঃখ আমার ভুলিয়েছে। এই ট্রফির মধ্যেই আমি ১৫টি পুরস্কার দেখতে পাচ্ছি...’। টাইমস অব ইন্ডিয়া